Logo
×

শিক্ষা

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবি শিবিরের হেল্প ডেস্ক

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৯:৪৯

গুচ্ছ ভর্তি পরীক্ষার্থীদের সহায়তায় ইবি শিবিরের হেল্প ডেস্ক

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) গুচ্ছ (জিএসটি) ভর্তি পরীক্ষাকে ঘিরে পরীক্ষার্থী ও অভিভাবকদের সহায়তায় হেল্প ডেস্ক স্থাপন করেছে শাখা ছাত্রশিবির। শুক্রবার (২৭ মার্চ) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এ হেল্প ডেস্কের কার্যক্রম পরিচালিত হয়। এতে বিভিন্ন ধরনের সহযোগিতা পেয়ে সন্তোষ প্রকাশ করেছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও তাদের অভিভাবকরা।


সরেজমিনে দেখা যায়, সংগঠনটির নেতাকর্মীরা ফুল, পানি, কলম, স্যালাইন ও ফাইলসহ বিভিন্ন উপকরণ নিয়ে পরীক্ষার্থীদের সহায়তা করছেন। পাশাপাশি পরীক্ষা কেন্দ্র চিহ্নিত করে দেওয়া, প্রয়োজনীয় তথ্য প্রদান এবং ভোগান্তি কমাতে সক্রিয় ভূমিকা রাখতে দেখা যায় তাদের। এ সময় শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী ও সেক্রেটারি রাশেদুল ইসলামসহ অন্যান্য নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।


এদিকে ভর্তি পরীক্ষাকে কেন্দ্র করে বিভিন্ন ছাত্রসংগঠনই নিজ নিজ উদ্যোগে সহায়তা কার্যক্রম চালাচ্ছে। এমন উদ্যোগকে ইতিবাচকভাবে দেখছেন ভর্তিচ্ছু শিক্ষার্থী ও অভিভাবকরা।


ফরিদপুর থেকে আসা এক অভিভাবক বলেন, আমরা তো এখানকার কিছু চিনি না। হেল্প ডেস্কের মাধ্যমে এখানের শিক্ষার্থীরা আমাদের যথেষ্ট সহযোগিতা করছেন। আমাদের বসার জায়গা করে দিয়েছেন। কিছু প্রয়োজন হলেই বলার সঙ্গে সঙ্গে সেটা পাচ্ছি। প্রচণ্ড গরমে খাবার স্যালাইনসহ সুপেয় পানির যে ব্যবস্থা করা হয়েছে, এজন্য তাদের ধন্যবাদ জানাই। এটা সত্যিই খুব ভালো একটি উদ্যোগ।


শাখা ছাত্রশিবিরের সভাপতি ইউসুফ আলী বলেন, ছাত্রশিবিরের পক্ষ থেকে ভর্তি পরীক্ষার্থীদের জন্য আমরা বেশ কিছু আয়োজন করেছি। আমাদের এই হেল্প ডেস্কের মাধ্যমে বিভিন্ন ধরনের সহযোগিতা প্রদান করা হচ্ছে। বিশেষ করে পরীক্ষার্থীদের রুম ও ভবন চিনিয়ে দেওয়া, প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া। এছাড়াও তাদের জন্য খাবার, পানির ব্যবস্থা, চকলেট, টিস্যু এবং কলম রাখা হয়েছে। 


প্রাথমিক চিকিৎসার জন্য আমাদের শিক্ষার্থীদের মধ্য থেকে অভিজ্ঞ, বিশেষ করে ফার্মেসি বিভাগের শিক্ষার্থীদের মাধ্যমে প্রয়োজনীয় ওষুধ ও স্যালাইন সরবরাহ করা হচ্ছে। অভিভাবকদের জন্য বসার ব্যবস্থা ও কিছু পড়ার মতো সাহিত্যও রাখা হয়েছে, যাতে তারা স্বাচ্ছন্দ্যে সময় কাটাতে পারেন। এছাড়া মোবাইল ও ব্যাগ নিরাপদে রাখার জন্যও ব্যবস্থা রয়েছে।


তিনি বলেন, শিক্ষার্থীরা এমন উদ্যোগে বেশ সন্তুষ্ট এবং তাদের মধ্যে আমরা উৎসাহ দেখতে পেয়েছি। আমরা আশা করি, আমাদের এই ছোট ছোট সহযোগিতা গুলোর মাধ্যমে সবাই উপকৃত হবেন।