Logo
×

শিক্ষা

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৮.৫৩

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ মার্চ ২০২৬, ১৯:৪৭

ইবিতে গুচ্ছ ভর্তি পরীক্ষা সম্পন্ন, উপস্থিতির হার ৮৮.৫৩

ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) কেন্দ্রে গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়সমূহের ২০২৪–২৫ শিক্ষাবর্ষের স্নাতক (সম্মান) শ্রেণির ‘সি’ ইউনিট (বাণিজ্য) ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এতে ১ হাজার ৪৫৬ জন ভর্তিচ্ছুর মধ্যে ১ হাজার ২৮৯ জন উপস্থিত ছিলেন, যা উপস্থিতির হার ৮৮.৫৩ শতাংশ। শুক্রবার (২৭ মার্চ) বেলা ১১টা থেকে ১২টা পর্যন্ত দেশের ২০টি গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ে একযোগে প্রথম দিনের এ পরীক্ষা অনুষ্ঠিত হয়।


এর আগে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ ও উপ-উপাচার্য অধ্যাপক ড. এম. এয়াকুব আলী প্রধান ফটকে উপস্থিত হয়ে বিভিন্ন ক্রিয়াশীল ছাত্র সংগঠনের হেল্প ডেস্ক পরিদর্শন করেন। এ সময় প্রক্টর অধ্যাপক ড. মো. শাহীনুজ্জামান, ছাত্র-উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলামসহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।


পরে উপাচার্য ও উপ-উপাচার্য ব্যবসায় প্রশাসন অনুষদ ভবনের বিভিন্ন পরীক্ষা কক্ষ পরিদর্শন করেন। এ সময় ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ জাহাঙ্গীর আলম, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মনজুরুল হক এবং ‘সি’ ইউনিটের কেন্দ্রীয় সমন্বয়ক ও ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আব্দুস শাহীদ মিয়া তাঁদের সঙ্গে ছিলেন।


বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, পরীক্ষার্থীদের নিরাপত্তা ও সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে প্রশাসনের পক্ষ থেকে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়। পাশাপাশি ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। প্রক্টরিয়াল বডির সঙ্গে বিএনসিসি ও রোভার স্কাউটের সদস্যরাও সার্বিক সহযোগিতায় নিয়োজিত ছিলেন। এছাড়া তথ্য ও স্বাস্থ্য কর্ণার এবং বিভিন্ন ছাত্র সংগঠনের স্টল থেকে শিক্ষার্থী ও অভিভাবকদের প্রয়োজনীয় সেবা প্রদান করা হয়েছে।


উল্লেখ্য, আগামী ৩ এপ্রিল ‘বি’ ইউনিট এবং ১০ এপ্রিল ‘এ’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হবে।