Logo
×

শিক্ষা

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

Icon

বাকৃবি প্রতিনিধি

প্রকাশ: ২৬ মার্চ ২০২৬, ১৩:৩৫

যথাযোগ্য মর্যাদায় বাকৃবিতে মহান স্বাধীনতা দিবস উদযাপিত

যথাযোগ্য মর্যাদা ও উৎসবমুখর পরিবেশে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) মহান স্বাধীনতা দিবস উদযাপিত হয়েছে।


বৃহস্পতিবার (২৬ মার্চ) মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সূর্যোদয়ের সাথে সাথে বিশ্ববিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। সকাল ৭টায় বিশ্ববিদ্যালয়ের স্টেডিয়ামে জাতীয় দিবস উদযাপন কমিটির আয়োজনে ক্যাম্পাসের বিভিন্ন সংগঠনের অংশগ্রহণে শিশু-কিশোরদের সমাবেশ, কুচকাওয়াজ ও শারীরিক কসরত প্রদর্শনী অনুষ্ঠিত হয়।


ছাত্রবিষয়ক উপদেষ্টা ও জাতীয় দিবস উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক ড. মো. শহীদুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া। এসময় কুচকাওয়াজে তিনি সালাম গ্রহণ করেন।


বক্তব্যে উপাচার্য বলেন, “আজকের এই দিনটি বাংলাদেশের মানুষের জন্য এক ঐতিহাসিক দিন। ১৯৭১ সালের ২৬ মার্চ চট্টগ্রামের কালুর ঘাট বেতার কেন্দ্র থেকে তৎকালীন মেজর জিয়াউর রহমানের ডাকে শুরু হওয়া মহান মুক্তিযুদ্ধে নিহত শহীদদের আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি।”


তিনি আরও বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলন থেকে শুরু করে ২০২৪ সালে গণতন্ত্র ও বাকস্বাধীনতার জন্য জীবন উৎসর্গকারী ছাত্র-জনতার আত্মত্যাগ আমাদের জাতির ইতিহাসকে সমৃদ্ধ করেছে। তাঁদের ত্যাগের মাধ্যমেই দেশ স্বৈরাচারমুক্ত হয়েছে এবং বাকস্বাধীনতা পুনঃপ্রতিষ্ঠিত হয়েছে।


পরবর্তীতে বাকৃবি শিক্ষক সমিতির আয়োজনে সকাল ৯টায় বিশ্ববিদ্যালয় চত্বরে অবস্থিত মুক্তিযুদ্ধ স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পণ করেন উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল ভূঁইয়া। 


মহান স্বাধীনতা দিবস উপলক্ষে সারাদিনব্যাপী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কমপ্লেক্সে, হলসমূহ এবং স্ব-স্ব সংগঠন ও প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় প্রীতি খেলাধুলা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।