সুনামগঞ্জে পুসাস-এর আয়োজনে ‘সিজন-২ ট্যালেন্ট অলিম্পিয়াড’ সম্পন্ন: ৮৫০ শিক্ষার্থীর অংশগ্রহণ
আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ১৬ মার্চ ২০২৬, ০১:৪৫
ভাটি অঞ্চল সুনামগঞ্জকে শিক্ষায় দেশব্যাপী এগিয়ে নেওয়ার লক্ষ্যে পাবলিক বিশ্ববিদ্যালয় ছাত্রসংসদ সুনামগঞ্জ (পুসাস) আয়োজন করল জেলার সর্ববৃহৎ শিক্ষাবিষয়ক অলিম্পিয়াড “Sunamganj’s Number 1 Genius Talent Olympiad – Season 2”। গতবছরের সাফল্যের ধারাবাহিকতায় এবারও জেলাব্যাপী বিপুল উদ্দীপনার মধ্য দিয়ে এই মেধার লড়াই অনুষ্ঠিত হয়।
শনিবার (১৪ মার্চ) সকাল ১১টায় জেলার তিনটি গুরুত্বপূর্ণ কেন্দ্রে একযোগে এই অলিম্পিয়াড শুরু হয়। কেন্দ্রগুলো হলো— সরকারি জুবিলী উচ্চ বিদ্যালয়, রঙ্গারচর হরিনাপাটী উচ্চ বিদ্যালয় এবং জামালগঞ্জ সরকারি মডেল উচ্চ বিদ্যালয়। এবারের আয়োজনে জেলার বিভিন্ন প্রান্ত থেকে ৮৫০-এর অধিক শিক্ষার্থী স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করে।
সরেজমিনে কেন্দ্রগুলো ঘুরে দেখা যায়, পরীক্ষা নিয়ে শিক্ষার্থীদের মধ্যে ছিল ব্যাপক উৎসাহ। পিছিয়ে নেই অভিভাবকরাও; পুসাস-এর এমন সুশৃঙ্খল ব্যবস্থাপনা ও উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন তারা। অভিভাবকরা জানান, জেলা পর্যায়ে এমন আয়োজন শিক্ষার্থীদের মেধা বিকাশে ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে অনন্য ভূমিকা রাখবে।
আয়োজন সম্পর্কে পুসাসের বর্তমান কার্যনির্বাহী কমিটির সভাপতি জাকির হোসাইন তামিম বলেন, আমাদের লক্ষ্য একটাই—সুনামগঞ্জের মেধাবীরা যেন দেশসেরা হওয়ার স্বপ্ন দেখে। তাদের হাত ধরেই এই জেলা এক অনন্য উচ্চতায় পৌঁছাবে।
সংগঠনের সাধারণ সম্পাদক রেজাউল করিম বলেন, এই অলিম্পিয়াড শিক্ষার্থীদের মধ্যে সুস্থ প্রতিযোগিতার মানসিকতা তৈরি করবে এবং তাদের মেধা যাচাইয়ের একটি বড় সুযোগ করে দিয়েছে।
অনুষ্ঠানের মডারেটর কুয়েট শিক্ষার্থী এইচ. এম. আজরফ আশাবাদ ব্যক্ত করে বলেন, এই আয়োজন শিক্ষার্থীদের পড়াশোনায় আরও মনোযোগী করে তুলবে এবং তাদের ভেতরের সুপ্ত প্রতিভা বিকাশে দারুণভাবে সহায়তা করবে।
সুনামগঞ্জের শিক্ষার মানোন্নয়ন ও শিক্ষার্থীদের উচ্চশিক্ষায় আগ্রহী করে তুলতে পুসাস-এর এই মেধা অন্বেষণ কর্মসূচি জেলায় একটি মাইলফলক হিসেবে বিবেচিত হচ্ছে।

logo-2-1757314069.png)
