Logo
×

শিক্ষা

ইবিতে শিক্ষক হত্যায় ছাত্রদলের শোক ও বিচার দাবি

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৪ মার্চ ২০২৬, ২২:৩৬

ইবিতে শিক্ষক হত্যায় ছাত্রদলের শোক ও বিচার দাবি

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) কর্মচারীর ছুরিকাঘাতে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনার হত্যাকান্ডের ঘটনায় শোক প্রকাশ করেছে শাখা ছাত্রদল। বুধবার (৪ মার্চ) সংগঠনটির আহ্বায়ক কমিটির সদস্য রাফিজ আহমেদের স্বাক্ষরিত বিবৃতিতে এ তথ্য জানা যায়। এ ঘটনায় সংগঠনটির আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন অভিযুক্তকে দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার আহ্বান জানান 


বিবৃতি সূত্রে জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ে সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক আসমা সাদিয়া রুনা বিকেল সাড়ে চারটার দিকে নিজ বিভাগের কক্ষে নৃশংস হত্যাকাণ্ডের শিকার হয়েছেন বলে জানা গেছে। একই বিভাগের এক কর্মচারী এ ঘটনা ঘটায় এবং হত্যাকাণ্ডের পর অভিযুক্ত ব্যক্তি নিজেই ছুরিকাঘাত করে আত্মহত্যার চেষ্টা করেন। তাকে আশঙ্কাজনক অবস্থায় উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়েছে।


ঘটনার পর ক্যাম্পাসে চরম উত্তেজনা বিরাজ করছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ঘটনাস্থলে পৌঁছে আলামত সংগ্রহ ও প্রাথমিক তদন্ত কার্যক্রম শুরু করেছে।


এ ঘটনায় গভীর শোক প্রকাশ করে শাখা  ছাত্রদলের আহ্বায়ক সাহেদ আহম্মেদ ও সদস্য সচিব মাসুদ রুমী মিথুন বলেন, বিশ্ববিদ্যালয় জ্ঞানচর্চা, নিরাপত্তা ও মানবিক মূল্যবোধের পবিত্র কেন্দ্র। সেখানে এ ধরনের বর্বরোচিত ও নৃশংস ঘটনা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। অবিলম্বে ঘটনার সুস্পষ্ট কারণ উদঘাটনে সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা জাতির সামনে তুলে ধরে অভিযুক্তকে অতিদ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের নিকট জোর দাবি জানান তারা।


মরহুমার আত্মার মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে তারা আরও বলেন, ক্যাম্পাসে শিক্ষার্থী, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারীদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনকে কার্যকর ও দৃশ্যমান পদক্ষেপ নিতে হবে। অন্যথায় সাধারণ শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে প্রয়োজনীয় কর্মসূচি গ্রহণ করা হবে বলেও হুঁশিয়ারি দেন নেতৃবৃন্দ।


উল্লেখ্য, বুধবার (৪ মার্চ) ইসলামী বিশ্ববিদ্যালয়ে কর্মচারীর ছুরিকাঘাতে নিহত হন সমাজকল্যাণ বিভাগের সভাপতি ও সহকারী অধ্যাপক ড. আসমা সাদিয়া রুনা।