ইবিতে ওসমান হাদির স্মরণে কুইজ প্রতিযোগিতা
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ০৩ মার্চ ২০২৬, ১৯:৫২
শহীদ শরীফ ওসমান হাদির স্মরণে 'শরীফ ওসমান হাদি কুইজ প্রতিযোগিতা ১.০' এর আয়োজন করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি। মঙ্গলবার (৩ মার্চ) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে সংগঠনটির আহ্বায়ক শান্ত শিশিরের সভাপতিত্বে উপস্থিত ছিলেন ইবি প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নাজমুল হোসাইন, সংগঠনের কার্যনির্বাহী সদস্য তাজমিন রহমান ও নওশিন শর্মিলীসহ শিক্ষার্থীরা।
প্রতিযোগিতায় বাংলাদেশ ও আন্তর্জাতিক বিষয়াবলি এবং সিরাত সংক্রান্ত কুইজ অনুষ্ঠিত হয় এবং বিজয়ীদের মধ্যে প্রথম চারজনকে পুরস্কৃত করা হয়। এতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় ও চতুর্থ স্থান অর্জন করেন যথাক্রমে আবু হুরাইরা, আল মামুন, মেহেদী হাসান ও আব্দুল্লাহ পারভেজ।
অনুষ্ঠান শেষে সভাপতির বক্তব্যে শান্ত শিশির বলেন, শহীদ ওসমান হাদীর স্মরণে আয়োজিত এই কুইজ প্রতিযোগিতার উদ্দেশ্য ছিল শিক্ষার্থীদের মধ্যে জ্ঞানচর্চা এবং দেশপ্রেম জাগ্রত করা। বর্তমান সময়ে নিজেকে ও দেশকে এগিয়ে নিতে জ্ঞান অর্জনের কোনো বিকল্প নেই। তাই সবাইকে পড়াশোনা ও জ্ঞানচর্চার মাধ্যমে নিজেকে দক্ষ হিসেবে গড়ে তুলতে হবে।
এছাড়া অংশগ্রহণকারীদের মধ্য থেকে কেউ একজনও যদি ভবিষ্যতে দেশের ও সমাজের কল্যাণে কাজ করতে পারে, তাহলে এই আয়োজন সফল হবে বলে প্রত্যাশা করেন আয়োজকরা।

logo-2-1757314069.png)
