Logo
×

শিক্ষা

ধর্ষণ ও নারীর উপর সহিংসতার ঘটনায় ইবিতে বিক্ষোভ

Icon

নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি

প্রকাশ: ২৭ ফেব্রুয়ারি ২০২৬, ১৭:২৩

ধর্ষণ ও নারীর উপর সহিংসতার ঘটনায় ইবিতে বিক্ষোভ

নরসিংদীসহ সারাদেশে ধর্ষণ ও নারীর উপর সহিংসতার ঘটনার দৃষ্টান্তমূলক বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীরা। 


শুক্রবার ( ২৭ ফেব্রুয়ারী) বাদ জুম'আ বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে একটি বিক্ষোভ মিছিল বের করেন তারা। বিক্ষোভটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। 


সমাবেশে শাখা ছাত্রশিবিরের সাংগঠনিক সম্পাদক জাকারিয়া হোসাইন, ছাত্র আন্দোলনের যুগ্ম সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফারিস, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যুগ্ম সদস্য সচিব বাঁধন বিশ্বাস স্পর্শ, সোচ্চার স্টুডেন্টস নেটওয়ার্কের সভাপতি রাহাত আব্দুল্লাহসহ শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন। 


এসময় শিক্ষার্থীরা, ''আমার সোনার বাংলায়, ধর্ষকদের ঠাঁই নেই'', ''দড়ি লাগলে দড়ি নে, ধর্ষকদের ফাঁসি দে'', এসময় তারা "আমার বোনকে ধর্ষণ করে প্রশাসন কি করে", "ধর্ষকদের ঠিকানা এই বাংলায় হবে না'সহ নানা স্লোগান দেন।


সমাবেশে বক্তারা বলেন, গত দুই সপ্তাহ আগে নরসিংদীতে আমাদের বোন ধর্ষিত হয়েছে। এই ধর্ষণের বিচারের নামে তার সাথে প্রহসন করা হয়েছে। এই বোন এই ধর্ষণের প্রতিবাদ জারি রাখায় তাকে নির্মমভাবে হত্যা করা হয়েছে। আমরা অনতিবিলম্বে এই কুলাঙ্গার ধর্ষকদের বিচার চাই। 


তারা আরও বলেন, চব্বিশের পরবর্তী সময়ে এসে এখনও ধর্ষণের বিচারের দাবিতে ছাত্র-জনতাকে রাজপথে নামতে হচ্ছে, এটা বাংলাদেশের জন্য অত্যন্ত লজ্জাজনক। আমরা বারবার মাঠে নামি, প্রতিবাদ করি, বক্তব্য দিই; কিন্তু দেশে আইনের শাসনের কোনো পরিবর্তন দেখা যায় না। অধিকাংশ ধর্ষণ ঘটনারই সুষ্ঠু বিচার এখনো নিশ্চিত হয়নি।


বর্তমান সরকারের প্রতি আহ্বান জানিয়ে তারা বলেন, ধর্ষণসহ সকল নারীর প্রতি সহিংসতার ঘটনার দ্রুত বিচার নিশ্চিত করতে হবে। পাশাপাশি নরসিংদীর ঘটনার সুষ্ঠু তদন্ত করে প্রকৃত অপরাধীদের আইনের আওতায় আনার জোর দাবি জানান তারা।


প্রসঙ্গত, নরসিংদীতে ধর্ষণের বিচার চাওয়ায় বাবার কাছ থেকে অপহরণের পর এক কিশোরীকে হত্যার ঘটনা ঘটে। এ ঘটনায় রাতে নিহত কিশোরীর মা বাদী হয়ে মাধবদী থানায় একটি মামলা দায়ের করেন। পরে পুলিশ অভিযান চালিয়ে মামলার এজাহারভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করে।