ইবিতে খেলাফত ছাত্র মজলিসের উদ্যোগে ইফতার মাহফিল অনুষ্ঠিত
নাজমুস সাকিব, ইবি
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৫৯
বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস ইসলামী বিশ্ববিদ্যালয় শাখার উদ্যোগে ভ্রাতৃপ্রতিম ছাত্র সংগঠন, বিশিষ্ট ব্যক্তিবর্গ ও সাংবাদিকদের সম্মানে ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) বিকেলে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ক্যাফেটেরিয়ায় এ ইফতার মাহফিলের আয়োজন করা হয়। শাখা ছাত্র মজলিসের সভাপতি সাদেক আহমেদের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি আব্দুল আজিজ উপস্থিত ছিলেন।
প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন খেলাফত ছাত্র মজলিসের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখার আহ্বায়ক শাহরিয়ার আলম। এছাড়াও বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দ অনুষ্ঠানে বক্তব্য দেন। অনুষ্ঠান শেষে দোয়া ও মোনাজাত পরিচালনা করেন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের খতিব আশরাফ উদ্দিন আহমেদ।
অনুষ্ঠানে বক্তাগণ বলেন, বিগত ফ্যাসিবাদী আমলে একটি ইসলামী ছাত্র সংগঠনের এমন উন্মুক্ত পরিবেশে ইফতার মাহফিল আয়োজন এবং সেখানে বিভিন্ন ইসলামী সংগঠনের নেতৃবৃন্দের অংশগ্রহণ ছিল বরাবরই সবার মনোকামনা। বর্তমান অনুকূল পরিবেশের জন্য আমরা মহান আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করি।
তারা আরও বলেন, অভ্যুত্থান-পরবর্তী এই স্বাধীন বাংলাদেশে ফ্যাসিবাদবিরোধী সকল ছাত্র সংগঠন যদি পারস্পরিক ঐক্য ও সম্প্রীতি বজায় রেখে একসঙ্গে কাজ করে, তাহলে কোনো অপশক্তিই এ ঐক্যবদ্ধ বাংলাদেশকে অস্থিতিশীল করতে পারবে না।
এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক এস এম সুইট, বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির ইবি শাখার সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি এবং ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইবি শাখার সাধারণ সম্পাদক নিয়ামতুল্লাহ ফায়সালসহ বিভিন্ন ছাত্র সংগঠনের নেতৃবৃন্দ এবং ইবি সাংবাদিক সমিতি, ইবি রিপোর্টার্স ইউনিট ও প্রেসক্লাবের সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।

logo-2-1757314069.png)
