Logo
×

শিক্ষা

সুনামগঞ্জ সদরে আলহেরা জামেয়া মাদরাসার জয়জয়কার

Icon

আমিনুর রহমান পরান, সুনামগঞ্জ প্রতিনিধি

প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৪১

সুনামগঞ্জ সদরে আলহেরা জামেয়া মাদরাসার জয়জয়কার

সুনামগঞ্জ সদর উপজেলার শিক্ষা অঙ্গনে মেধার স্বাক্ষর রেখে অনন্য এক নজির স্থাপন করেছে আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা. উপজেলা পর্যায়ে বরাদ্দকৃত মোট ২৬টি বৃত্তির মধ্যে রেকর্ডসংখ্যক ২৩টি বৃত্তিই অর্জন করেছে এই প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা।

ফলাফল বিশ্লেষণে দেখা যায়, ৫ম শ্রেণির ইবতেদায়ি বৃত্তিতে নির্ধারিত ১৬টি পদের মধ্যে ১৪টিই ছিনিয়ে নিয়েছে আলহেরা জামেয়ার শিক্ষার্থীরা। অন্যদিকে, অষ্টম শ্রেণির বৃত্তিতেও সমভাবে আধিপত্য বজায় রেখেছে প্রতিষ্ঠানটি; সেখানে নির্ধারিত ১০টি বৃত্তির মধ্যে ৯টিই পেয়েছে এই মাদরাসার ছাত্র-ছাত্রীরা।

উপজেলার অন্যান্য সকল মাদরাসা মিলে যেখানে মাত্র ৩টি বৃত্তি পেয়েছে, সেখানে একটি মাত্র প্রতিষ্ঠানের এমন বিশাল অর্জনে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

মাদরাসার অধ্যক্ষ ও শিক্ষক মন্ডলী এই সাফল্যের জন্য মহান আল্লাহর শুকরিয়া আদায় করেছেন। তারা জানান, নিয়মিত পাঠদান, বিশেষ কোচিং এবং শিক্ষকদের নিবিড় তদারকির ফলেই শিক্ষার্থীরা এই ঈর্ষণীয় ফলাফল করতে সক্ষম হয়েছে। আলহেরা জামেয়া ইসলামিয়া ফাজিল ডিগ্রি মাদরাসা শুধু ধর্মীয় শিক্ষা নয়, সাধারণ শিক্ষাতেও যে এই অঞ্চলের শ্রেষ্ঠত্বের দাবিদার, এই ফলাফল তারই প্রমাণ।

অভিভাবকরা এই সাফল্যে আনন্দিত হয়ে জানান, প্রতিষ্ঠানের শৃঙ্খলা এবং উন্নত শিক্ষা পরিবেশই তাদের সন্তানদের এমন সাফল্যের মূল চাবিকাঠি। সুনামগঞ্জ সদর উপজেলার এই দ্বীনি বিদ্যাপীঠটি এখন জেলার অন্যতম শীর্ষ শিক্ষাপ্রতিষ্ঠান হিসেবে নিজেদের অবস্থান আরও সুসংহত করল।