ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটির যাত্রা শুরু
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ২০:০৫
প্রথম কমিটি ঘোষণার মধ্য দিয়ে ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের নতুন সাংস্কৃতিক সংগঠন ‘ইসলামিক ইউনিভার্সিটি কালচারাল সোসাইটি (আইইউসিএস)’ যাত্রা শুরু করেছে।
বুধবার (২৫ ফেব্রুয়ারি) সংগঠনটির উপদেষ্টা আরবি ভাষা ও সাহিত্য বিভাগের অধ্যাপক ড. কামরুল হাসান এবং দা‘ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ কামরুজ্জামান স্বাক্ষরিত এক অনুমোদনপত্রে এ তথ্য জানানো হয়।
জানা যায়, নবগঠিত এই কমিটির আহ্বায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের ২০২১–২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শান্ত শিশির এবং সদস্য সচিব মনোনীত হয়েছেন একই শিক্ষাবর্ষের আল-কুরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী মোসাদ্দেক হোসেন।
এছাড়া অনুমোদিত ১৮ সদস্যবিশিষ্ট কমিটির অন্যান্য সদস্যরা হলেন— তাজমীন রহমান, নওশীন শার্মিলী, ইকবাল হোসেন ইমন, জোবায়ের ইসলাম সাকিব, আব্দুল মোহাইমিনুল ইসলাম, তৌফিক হাসান, মিলান্ত জোয়ার্দার, সুমাইয়া, মো. তানভীর, মো. মাহদী হাসান, মো. সাইফুল হক, ইমতিয়াজ উদ্দিন সাজিদ, আহমাদ জাবের, ফাহিম ফয়সাল, সাইদুল কবির স্বাধীন ও মো. রিফাত ইসলাম।
সংগঠনের আহ্বায়ক মো. শান্ত শিশির বলেন, মানুষের মনস্তাত্ত্বিক বিকাশ ও আচরণ পরিবর্তনের অন্যতম নিয়ামক হচ্ছে সংস্কৃতি। যা মানুষকে সামাজিকতা ও সম্প্রীতির শিক্ষা দেয় এবং সমাজ ও দেশকে এগিয়ে নেয়। কিন্তু সেই সংস্কৃতি যখন কলুষিত হয়ে পড়ে, তখন সামাজিক অস্থিতিশীলতা ও মানবিক অবক্ষয় সৃষ্টি হয়। তাই একটি সুস্থ সমাজ গঠনে অবশ্যই সুস্থ সংস্কৃতির বিকাশ প্রয়োজন।
তিনি আরও বলেন, ইসলামী বিশ্ববিদ্যালয় দেশের অন্যতম উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হলেও এখানে পূর্ণাঙ্গ সাংস্কৃতিক কার্যক্রম তুলনামূলক কম দেখা যায়। এ বিষয়টি বিবেচনায় নিয়ে শিক্ষার্থীদের মানসিক বিকাশ, দায়িত্ববোধ, দেশপ্রেম ও মূল্যবোধ গড়ে তুলতে আইইউসিএস কাজ করে যাবে। এ জন্য সবার দোয়া ও সহযোগিতা কামনা করছি।

logo-2-1757314069.png)
