ইবি শিবিরের উদ্যোগে কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৩ ফেব্রুয়ারি ২০২৬, ২২:৩৪
পবিত্র মাহে রমজান উপলক্ষ্যে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতার আয়োজন করেছে শাখা ছাত্রশিবির। সোমবার (২৩ ফেব্রুয়ারি) শাখার সভাপতি ইউসুফ আলী সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেন।
জানা যায়, ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে আগামী ১৩ মার্চ (২৩ রমজান) ‘আল কুরআন অধ্যয়ন প্রতিযোগিতা ২০২৬’ শীর্ষক প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। সেদিন বিকেল ৩টা থেকে ৩টা ৪০ মিনিট পর্যন্ত সংগঠনের অফিসিয়াল ফেসবুক পেজে দেয়া অনলাইন লিংকের মাধ্যমে ৪০ মিনিটে ১০০ নম্বরের এমসিকিউ পরীক্ষা নেয়া হবে। পরীক্ষার সিলেবাস হিসেবে পবিত্র কুরআন শরীফের সূরা আলে ইমরান, সূরা নিসা, সূরা নূর ও সূরা যিলযাল এবং তাফসির গ্রন্থ হিসেবে ‘তাফহীমুল কুরআন’ নির্ধারণ করা হয়েছে।
এতে অংশগ্রহণের জন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আগামী ৫ মার্চ (১৫ রমজান) রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত বিনামূল্যে রেজিস্ট্রেশন করতে পারবেন। রেজিস্ট্রেশন করা যাবে https://forms.gle/zjY3a41eAExBnuKr6 এই ফর্মের মাধ্যমে।
প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অধিকারীরা যথাক্রমে ৪ হাজার, ৩ হাজার ও ২ হাজার টাকা পুরস্কার পাবেন। এছাড়া চতুর্থ থেকে দশম স্থান পর্যন্ত প্রত্যেকে ১ হাজার টাকা করে পাবেন।
আয়োজকরা জানান, কুরআন অধ্যয়ন এবং এর অর্থ-ব্যাখ্যা সম্পর্কে শিক্ষার্থীদের আগ্রহ বৃদ্ধি ও ধর্মীয় জ্ঞানচর্চাকে উৎসাহিত করাই এ আয়োজনের উদ্দেশ্য।
এ বিষয়ে আয়োজক কমিটির পরিচালক শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, “আমাদের লক্ষ্য শিক্ষার্থীরা যেন কুরআন সম্পর্কে যথাযথ জ্ঞান অর্জন করতে পারে এবং কুরআনের সঙ্গে তাদের সম্পর্ক আরও গভীর ও অর্থবহ হয়ে ওঠে।” তিনি আরও বলেন, “রমজান মাস কুরআন নাজিলের বরকতময় মাস। এ মাসের তাৎপর্য অনুধাবন করে কুরআন অধ্যয়নের মাধ্যমে আল্লাহর নৈকট্য অর্জনের উদ্দেশ্যেই এই কুরআনিক কুইজের আয়োজন করা হয়েছে।”

logo-2-1757314069.png)
