শাবিপ্রবিতে প্রথম ধাপে ভর্তি মাত্র ৩৭ শতাংশ
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১০ ফেব্রুয়ারি ২০২৬, ২৩:৩২
শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে স্নাতক প্রথম বর্ষের ভর্তি কার্যক্রমের প্রথম ধাপ শেষ হলেও অধিকাংশ বিভাগে এখনো বিপুলসংখ্যক আসন খালি রয়েছে।
মঙ্গলবার (১০ই ফেব্রুয়ারি) ভর্তি কমিটির চেয়ারম্যান অধ্যাপক ড. আহমেদ কবীর চৌধুরি এ তথ্য নিশ্চিত করেছেন।
স্কুল অব ফিজিক্যাল সায়েন্সেসে নির্ধারিত মোট ৩৭০টি আসনের একটিতেও এখনো কোনো শিক্ষার্থী ভর্তি হয়নি। একই চিত্র দেখা যাচ্ছে স্কুল অব লাইফ সায়েন্সেসেও, যেখানে মোট ৭০টি আসনের সবগুলোই এখনো ফাঁকা পড়ে আছে।
স্কুল অব সোশ্যাল সায়েন্সেসে ৫০৬টি আসনের মধ্যে মাত্র ২৮২ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এই অনুষদে এখনো ২২৪টি আসন শূন্য রয়েছে।
ইনস্টিটিউট অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজির অধীনে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগে সব আসন পূর্ণ হলেও সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগে ৫০টি আসনের মধ্যে মাত্র ২৯ জন ভর্তি হয়েছেন। এতে এখনো ২১টি আসন খালি রয়েছে।
স্কুল অব এগ্রিকালচার অ্যান্ড মিনারেল সায়েন্সেসের ফরেস্ট্রি অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগে নির্ধারিত ৫৫টি আসনের একটিতেও ভর্তি হয়নি।
স্কুল অব অ্যাপ্লায়েড সায়েন্স অ্যান্ড টেকনোলজিতে মোট ৪৪০টি আসনের মধ্যে মাত্র ১৪৭ জন শিক্ষার্থী ভর্তি হয়েছেন। ফলে এখানে এখনো ২৯৩টি আসন শূন্য রয়েছে। বিশেষ করে সিভিল, মেকানিক্যাল, ইলেকট্রিক্যাল ও ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক আসন ফাঁকা পড়ে আছে।
অন্যদিকে, স্কুল অব ম্যানেজমেন্ট অ্যান্ড বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনের অধীনে ব্যবসায় প্রশাসন বিভাগে সব আসন পূর্ণ হয়েছে।
সার্বিকভাবে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান বিভাগের মোট ১২০০টি আসনের মধ্যে মাত্র ৩২৫টি পূরণ হয়েছে। মানবিক বিভাগের ২৮৪টি আসনের মধ্যে ১২৬টি এখনো খালি রয়েছে এবং ব্যবসায় শিক্ষা বিভাগেও ৮২টি আসন ফাঁকা আছে।

logo-2-1757314069.png)
