Logo
×

শিক্ষা

চীনা দূতাবাসে ইবি উপাচার্যের বৈঠক

Icon

ইবি প্রতিনিধি

প্রকাশ: ০৬ ফেব্রুয়ারি ২০২৬, ১২:৫৮

চীনা দূতাবাসে ইবি উপাচার্যের বৈঠক
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু, কনফুসিয়াস ইনস্টিটিউট প্রতিষ্ঠা এবং শিক্ষক-শিক্ষার্থী বিনিময় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে চীনা দূতাবাসের সঙ্গে বৈঠক করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
বুধবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ঢাকার গুলশানে অবস্থিত চীনা দূতাবাসে এ বৈঠক অনুষ্ঠিত হয়। এতে চীনা দূতাবাসের কালচারাল কাউন্সেলর লি শাওপেং উপস্থিত ছিলেন।
বৈঠকে চলতি বছর থেকেই ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষা কোর্স চালু এবং কনফুসিয়াস ইনস্টিটিউটের আওতায় শিক্ষা কার্যক্রম শুরু করার বিষয়ে চীনা দূতাবাস আশাবাদ ব্যক্ত করে। একই সঙ্গে আগামী এপ্রিল মাসে উপাচার্যের আমন্ত্রণে চীনা দূতাবাসের একটি প্রতিনিধিদল বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস সরেজমিন পরিদর্শনে যাবে বলেও জানানো হয়।
জানা যায়, গত বছরের ৬ থেকে ১১ জুলাই পর্যন্ত বিশ্ববিদ্যালয়টির উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ চীন সফর করেন। এবং সফরকালে চীনের তিনটি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষরিত হয়।
বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, চীন সফরের মূল লক্ষ্য ছিল ইসলামী বিশ্ববিদ্যালয়ে আনুষ্ঠানিকভাবে চীনা ভাষা শিক্ষা কার্যক্রম চালু করা, একটি কনফুসিয়াস সেন্টার প্রতিষ্ঠার ভিত্তি তৈরি করা এবং শিক্ষার্থীদের জন্য উচ্চশিক্ষা ও প্রশিক্ষণের নতুন সুযোগ সৃষ্টি করা। স্বাক্ষরিত সমঝোতা স্মারকের (এমওইউ) মাধ্যমে যৌথ শিক্ষা, গবেষণা এবং একাডেমিক সহযোগিতা আরও জোরদার হবে বলে আশা করা হচ্ছে। এর ফলে ইবির শিক্ষক ও শিক্ষার্থীরা চীনে গিয়ে উচ্চশিক্ষা, প্রশিক্ষণ ও একাডেমিক বিনিময় কর্মসূচিতে অংশ নেওয়ার সুযোগ পাবেন।
ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে চলতি বছরের শেষ নাগাদ ইসলামী বিশ্ববিদ্যালয়ে চীনা ভাষার সার্টিফিকেট কোর্স চালুর প্রস্তুতি নেওয়া হচ্ছে। একই সঙ্গে কনফুসিয়াস ইনস্টিটিউট স্থাপনের প্রক্রিয়াও দ্রুত এগিয়ে নেওয়ার বিষয়ে দুই পক্ষের মধ্যে ইতিবাচক আলোচনা হয়েছে বলে জানানো হয়।