গুম শিক্ষার্থীদের সন্ধানে ইবিতে মানববন্ধন
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ১৯:৪২
আওয়ামী সরকারের আমলে এক যুগেরও বেশি সময় ধরে গুম হওয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের দুই শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাসের সন্ধানের দাবিতে মানববন্ধন করেছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
বুধবার (৪ ফেব্রুয়ারি) দুপুরে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে এ কর্মসূচি পালন করেন তারা। এতে শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফিসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শতাধিক শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, ৫ আগস্টের পর গুম কমিশন গঠন করা হয়েছে। গুম হওয়া অনেকের সন্ধান মিললেও ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাস এখনও নিখোঁজ। তাদের পরিবার ও আমরা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা গভীর ব্যথা নিয়ে তাদের ফিরে আসার আশায় অপেক্ষা করছি। আমরা অতিসত্বর তাদের সন্ধান চাই। গুমের সঙ্গে জড়িত সকল ব্যক্তি এবং তৎকালীন বিশ্ববিদ্যালয় প্রশাসনের প্রক্টরসহ সংশ্লিষ্টদের দ্রুত বিচার চাই, যাতে ভবিষ্যতে এমন ঘটনা পুনরায় না ঘটতে পারে।
ইসলামী বিশ্ববিদ্যালয়ের শাখা ছাত্রশিবিরের সেক্রেটারি রাশেদুল ইসলাম রাফি বলেন, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারির পর থেকে আমাদের ভাই ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাস নিখোঁজ। ৫ আগস্টের পর হয়তো তারা ফিরে আসবে ভেবেছিলাম, কিন্তু দীর্ঘ অপেক্ষার পরও কোনো খোঁজ পাওয়া যায়নি। দিনের পর দিন, বছরের পর বছর, যুগ পার হয়ে গেছে। প্রত্যেক বছর ৪ ফেব্রুয়ারি আসে। আমরা মনে করি, আমাদের মাঝে ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাস ভাইয়েরা ফিরে আসবে। কিন্তু তা কোনোবারই হয় না। প্রশাসনের কাছে আমাদের দাবি, দয়া করে আমাদের ভাইদের সন্ধান দিন এবং তাদের বর্তমান অবস্থার তথ্য জানান। যদি তা না হয়, আমরা যথাযথ পদক্ষেপ নিতে বাধ্য হব।
তিনি আরও বলেন, গত ১৭ বছরে রাষ্ট্রের মাধ্যমে সংঘটিত সকল গুম ও হত্যাকাণ্ডের যথাযথ বিচার ও তদন্ত রিপোর্ট জনগণের কাছে প্রকাশ করতে হবে। বিশেষ করে ওয়ালিউল্লাহ ও আল মোকাদ্দাসসহ যারা এখনও নিখোঁজ, প্রশাসনকে তাদের সন্ধানের জন্য ব্যবস্থা নিতে হবে।
উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি মধ্যরাতে ঢাকা থেকে কুষ্টিয়াগামী হানিফ এন্টারপ্রাইজের ৩৭৫০ নম্বর গাড়িতে বিশ্ববিদ্যালয়ে যাওয়ার পথে আশুলিয়ার নবীনগর থেকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে গ্রেফতার করা হয়। পরবর্তীতে পুলিশ তাদের গ্রেফতারের কথা অস্বীকার করে। এরপর থেকে তাদের কোনো খোঁজ পাওয়া যায়নি।

logo-2-1757314069.png)
