গ্রিন ইউনিভার্সিটির সাংবাদিকতা বিভাগের নবীনবরণ অনুষ্ঠিত
ক্যাম্পাস প্রতিনিধি
প্রকাশ: ০৩ ফেব্রুয়ারি ২০২৬, ০০:১৬
গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের সাংবাদিকতা ও গণমাধ্যম যোগাযোগ বিভাগের স্প্রিং–২০২৬ সেশনের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (২ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের পূর্বাচল আমেরিকান সিটি ক্যাম্পাসে প্রাণবন্ত আয়োজনের মধ্য দিয়ে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেয়া হয়েছে। আয়োজনে সভাপতিত্ব করেন সাংবাদিকতা বিভাগের চেয়ারম্যান ড. হাবীব মোহাম্মদ আলী।
নবীনবরণ অনুষ্ঠানে সাদিয়া আফরিন নিঝুম ও মোমেনুল ইসলামের উপস্থাপনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ শরীফ উদ্দিন। বিশেষ অতিথি ছিলেন কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. এম শহীদুল্লাহ। এছাড়াও ‘গেস্ট অব অনার’ হিসেবে ছিলেন ইউএনডিপি বাংলাদেশ-এর কমিউনিকেশনস প্রধান মো. আব্দুল কাইয়ুম।
প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ে উপাচার্য ড. মোহাম্মদ শরীফ উদ্দিন বলেন, সাংবাদিকতা সমাজের প্রতিটি স্তরে প্রভাব ফেলে, তাই এটি সঠিকভাবে ব্যবহার করাই একজন সাংবাদিকের মূল দায়িত্ব। তিনি আরও বলেন, কৃত্রিম বুদ্ধিমত্তা সহায়ক হলেও সৃজনশীলতা, নৈতিকতা ও নিজের চিন্তাশক্তি অপরিহার্য।
ডিন অধ্যাপক ড. এম শহীদুল্লাহ শিক্ষার্থীদের আহ্বান জানালেন, কমফোর্ট জোন থেকে বের হয়ে চ্যালেঞ্জ গ্রহণ করলেই তাদের প্রকৃত সক্ষমতা প্রকাশ পাবে। ইউএনডিপি বাংলাদেশের কমিউনিকেশনস প্রধান মো. আব্দুল কাইয়ুমও সময় ব্যবস্থাপনা, শৃঙ্খলা ও দেশ-মানুষের কল্যাণে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
অনুষ্ঠানে সদ্য নিযুক্ত শিক্ষক, ফারজানা ইয়াসমিন ও নাজমুন্নাহার উর্মিকে বরণ করা হয়। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. অলিউর রহমান, প্রভাষক মোহাম্মদ বায়েজীদ খান ও জান্নাতুল ফেরদৌস মীম। এছাড়াও উপস্থিত ছিলেন বিভাগের অন্য শিক্ষার্থীরা।

logo-2-1757314069.png)
