ইবিতে শাপলা ফোরাম নিষিদ্ধের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন
নাজমুস সাকিব, ইবি প্রতিনিধি
প্রকাশ: ২৮ জানুয়ারি ২০২৬, ২০:২৮
ছবি: দ্য রিপোর্ট ২৪
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) আওয়ামীপন্থি শিক্ষকদের সংগঠন শাপলা ফোরাম নিষিদ্ধের দাবিতে মানববন্ধন ও অবস্থান কর্মসূচি পালন করেছে শিক্ষার্থীরা।
বুধবার (২৮ জানুয়ারি) বেলা বারোটায় প্রশাসন ভবন চত্বরে এ কর্মসূচি পালন করেন তারা। এসময় শিক্ষার্থীদের হাতে 'দোসরদের ঠিকানা, এই বাংলায় হবেনা', 'আর নয় হেলা ফেলা, এবার হবে ফাইনাল খেলা', 'দোসরদের সংগঠন শাপলা ফোরাম বন্ধ করো, করতে হবে" সহ বিভিন্ন স্লোগান সংবলিত প্লাকার্ড দেখা যায়।
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, আওয়ামী ফ্যাসিবাদের দোসর কিছু শিক্ষক গোপনে অর্থ সংগ্রহ করে নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীদের জামিনে মুক্ত করতে সহায়তা করছে। এসব শিক্ষক নিষিদ্ধ আওয়ামী লীগকে পুনর্বাসনের অপচেষ্টা চালাচ্ছে। এ ধরনের দোসরদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনতে হবে এবং তাদের বিরুদ্ধে স্থায়ী বহিষ্কারাদেশ কার্যকর করতে হবে।
তারা আরও বলেন, আমরা লক্ষ্য করছি, তুলনামূলকভাবে ছোট অপরাধে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হলেও মূল হোতারা এখনো শাস্তির বাইরে রয়ে গেছে। এই দ্বৈত নীতি বন্ধ করে প্রকৃত অপরাধীদের স্থায়ী বহিষ্কার নিশ্চিত করতে হবে। একই সঙ্গে শাপলা ফোরামকে নিষিদ্ধ করে তাদের সাংগঠনিক কার্যক্রম সম্পূর্ণভাবে বন্ধ করার দাবি জানান শিক্ষার্থীরা।

logo-2-1757314069.png)
