উত্তরাধিকার সূত্রে পাওয়া অব্যবস্থাপনা মোকাবেলা করতে হচ্ছে: বাণিজ্যমন্ত্রী
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৪ এপ্রিল ২০২৬, ১৯:০৮
বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির বলেছেন, দুই মাস হলো বিএনপি সরকার দায়িত্ব নিয়েছে। এরইমধ্যে উত্তরাধিকার সূত্রে পাওয়া অব্যবস্থাপনা ও অরাজকতা এখন মোকাবেলা করতে হচ্ছে।
শুক্রবার (২৪ এপ্রিল) পানি সম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন আজাদকে নিয়ে সিলেট সদরের বাসিয়া নদী পরিদর্শন শেষে সাংবাদিকেদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, দেশের বিদ্যুৎ উৎপাদন এখনও গ্যাস নির্ভর। দেশীয় গ্যাসক্ষেত্র থেকে আসে ১ হাজার ৭০০ এমএমসিএফডি, আর ৯০০ এমএমসিএফডি এলএনজি আমদানি করা হয়। এরপরও চাহিদা থাকে আরও ১ হাজারের। তবে অর্থের সংস্থান হলেও বাড়তি এলএনজি আনা যাচ্ছে না, কারণ দেশে মাত্র দুইটি এফএসআরইউ রয়েছে, যাদের মোট দৈনিক রি-গ্যাসিফিকেশন ক্ষমতা ৯৩৫ এমএমসিএফডি। সক্ষমতা বাড়াতে নতুন ল্যান্ডবেজড ও অফশোর এফএসআরইউ নির্মাণে টেন্ডারে যাচ্ছে সরকার। তিনি আরও বলেন, তেল-গ্যাসেও এখন আমদানি নির্ভরতা বেড়েছে, তবে টেকসই বড় স্টোরেজ সুবিধা গড়ে তোলা হয়নি। এই সংকট থেকে দেশকে মুক্ত করতে জ্বালানি মন্ত্রণালয় অগ্রাধিকার ভিত্তিতে স্টোরেজ ফ্যাসিলিটি নির্মাণে কাজ করবে। এসব সুবিধা চালু হলে হঠাৎ বৈশ্বিক সংকটেও অন্তত এক-দুই মাস পরিস্থিতি সামাল দেওয়ার সক্ষমতা থাকবে।
বাণিজ্যমন্ত্রী বলেন, ডিজেলের দাম ১৫ শতাংশ বাড়িয়ে ১০০ টাকা থেকে ১১৫ টাকা করা হয়েছে। ভারত, নেপাল, পাকিস্তানসহ আশপাশের অনেক দেশের তুলনায় বাংলাদেশে জ্বালানির দাম এখনও কম, যদি মুদ্রার বিনিময় হার বিবেচনায় নেওয়া হয়। সতর্কভাবে এই সমন্বয় করা হয়েছে। এই বৃদ্ধির ফলে ২০০ কিলোমিটার পণ্য পরিবহনে কেজি প্রতি খরচ বাড়বে ৩০ পয়সার বেশি নয়।

logo-2-1757314069.png)
