Logo
×

অর্থ ও বাণিজ্য

সরকারের প্রথম একনেক সভায় ৪৪৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৬ এপ্রিল ২০২৬, ২০:২৪

সরকারের প্রথম একনেক সভায় ৪৪৩ কোটি টাকার ৫ প্রকল্প অনুমোদন

বিএনপি নেতৃত্বাধীন সরকারের প্রথম জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় ৪৮৩ কোটি ৪৩ লাখ টাকার পাঁচটি প্রকল্প অনুমোদন করা হয়েছে। এর মধ্যে তিনটি সংশোধিত প্রকল্প এবং মেয়াদ বৃদ্ধি প্রকল্প দুইটি। আর এসব প্রকল্পে সরকারের নিজস্ব অর্থায়ন ৩৯০ কোটি ৮৪ লাখ টাকা এবং প্রকল্পের ঋণ ৯২ কোটি ৫৯ লাখ টাকা।

সোমবার (৬ এপ্রিল) প্রধানমন্ত্রী ও একনেক চেয়ারপারসন তারেক রহমানের সভাপতিত্বে বাংলাদেশ সচিবালয় কক্ষে অনুষ্ঠিত একনেক সভায় প্রকল্পগুলোর অনুমোদন দেওয়া হয়।

অনুমোদিত প্রকল্পগুলোর মধ্যে রয়েছে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের ‘সর্বজনীন সামাজিক অবকাঠামো উন্নয়ন প্রকল্প-২ (GSIDP-2) (১ম সংশোধন)’ প্রকল্প; ‘চর ডেভেলপমেন্ট অ্যান্ড সেটেলমেন্ট প্রজেক্ট-৪ (সিডিএসপি-৪) (৩য় সংশোধন)’ প্রকল্প এবং স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের ‘শিশু ও মাতৃস্বাস্থ্য এবং স্বাস্থ্যব্যবস্থার উন্নয়ন (কম্পোনেন্ট-২): দেশের ৮টি বিভাগীয় মেডিকেল কলেজ হাসপাতালের ডায়াগনস্টিক ইমেজিং ব্যবস্থার আধুনিকীকরণ (১ম সংশোধিত)’ প্রকল্প;  ‘গোপালগঞ্জ ডেন্টাল কলেজ ও হাসপাতাল স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প। আরেকটি প্রকল্প হচ্ছে ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়ের ‘আইটি ট্রেনিং ও ইনকিউবেশন সেন্টার স্থাপন (২য় সংশোধিত)’ প্রকল্প।

সোমবারের এই সভায় ১৯টি প্রকল্প উত্থাপন করা হয়। এর মধ্যে পাঁচটি অনুমোদন করা হয়েছে আর অন্য ১৪ প্রকল্পের বিষয়ে আগামী সভায় আলোচনা হবে।