Logo
×

অর্থ ও বাণিজ্য

এলডিসি গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৫ এপ্রিল ২০২৬, ১৯:৪১

এলডিসি গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই: অর্থমন্ত্রী

বিগত সরকার দেশের অর্থনীতিতে যে দুরবস্থা রেখে গেছে, তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তা-ভাবনা করা হবে বলে জানিয়েছেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রোববার (৫ এপ্রিল) এনইসি সম্মেলন কক্ষে ‘ন্যাশনাল মাল্টি স্টেক হোল্ডার কনসালটেশন অন বাংলাদেশ গ্রাজুয়েশন রেডিনেস অ্যাসেসমেন্ট’ শীর্ষক এক অনুষ্ঠানে সাংবাদিকদের ব্রিফিং করার সময় তিনি এ কথা বলেন। অর্থমন্ত্রী বলেন, বর্তমান প্রেক্ষাপটে এলডিসি (স্বল্পোন্নত দেশ) গ্রাজুয়েশনের দিকে বাংলাদেশের যাওয়ার সুযোগ নেই। বাংলাদেশের অর্থনীতির অবস্থা খুবই খারাপ।

বিগত সরকারের কাছ থেকে অর্থনীতির যে দুরবস্থা বর্তমান সরকার পেয়েছে তা কাটিয়ে উঠতে পারলে এলডিসি নিয়ে চিন্তা-ভাবনা করা হবে। তিনি বলেন, অর্থনৈতিক অস্থিরতা কাটানোর জন্য সরকার চেষ্টা করে যাচ্ছে। স্থিতিশীলতার জন্য সরকার প্রতিনিয়ত যুদ্ধ করে যাচ্ছে। মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব শুধু বাংলাদেশে নয়, সারা বিশ্বেই পড়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধ শুরু হওয়ার কারণে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে উচ্চমূল্যে জ্বালানি আমদানি করছে সরকার। যার কারণে বাংলাদেশের তহবিলে অনেক বিরূপ প্রভাব পড়েছে। রীতিমতো রক্তক্ষরণ হচ্ছে। দেশে অর্থনৈতিক অস্থিরতা ছাড়াও অনেক ঋণ রয়েছে উল্লেখ করে তিনি বলেন, ঋণ পরিশোধের ব্যবস্থাপনা করা বড় ধরনের সমস্যা হচ্ছে। আগামীতে কস্ট অব ফাইনান্সিং মাথায় রেখে আমাদের ফাইন্যান্সিংয়ের চিন্তা করতে হবে।

মন্ত্রী বলেন, আমাদের নির্বাচনী ইশতেহার বাস্তবায়ন করে, দেশের ক্যাপাসিটি বিল্ডিংয়ের মাধ্যমে আমরা নির্ধারণ করব কখন এলডিসি গ্রাজুয়েশনের দিকে যেতে পারবো। জনগণের কাছে নির্বাচনী ইশতিহারের মাধ্যমে আমরা যে ওয়াদা করেছি সেটা সময়মতো বাস্তবায়নের চেষ্টা করছি। ফ্যামিলি কার্ড বিতরণসহ আমরা কিছু কাজ বাস্তবায়ন করেছি। এসব কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে আমাদের ক্যাপাসিটি বিল্ডিং হলে, আমরা এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাব। এ মুহূর্তে এলডিসি গ্রাজুয়েশনের দিকে যাওয়ার কোনো সুযোগ নেই।