৭ মাসেই গত এক বছরের রেকর্ড ভাঙল মোংলা বন্দর
বানিজ্য প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩৮
ছবি: সংগ্রহীত
দেশের দ্বিতীয় বৃহত্তম সমুদ্র বন্দর মোংলায় চলতি অর্থবছরে পণ্য ও কন্টেইনার হ্যান্ডলিংয়ে বড় ধরণের প্রবৃদ্ধি অর্জিত হয়েছে। মাত্র সাত মাসেই (জুলাই ২০২৫-জানুয়ারি ২০২৬) বন্দরটি গত পুরো অর্থবছরের কন্টেইনার হ্যান্ডলিংয়ের রেকর্ড অতিক্রম করেছে।
মোংলা বন্দর কর্তৃপক্ষের তথ্যমতে, চলতি ২০২৫-২৬ অর্থবছরের প্রথম সাত মাসে ৩১টি বিদেশি বাণিজ্যিক জাহাজের মাধ্যমে ২১ হাজার ৬৫১ টিইইউজ কন্টেইনার হ্যান্ডলিং হয়েছে। যেখানে গত পুরো অর্থবছরে (২০২৪-২৫) মোট হ্যান্ডলিং হয়েছিল ২১ হাজার ৪৫৬ টিইইউজ। অর্থাৎ, সাত মাসেই গত বছরের মোট হিসাব ছাড়িয়ে গেছে, যা গত বছরের তুলনায় প্রায় ৭৯.১৯ শতাংশ বেশি।
গাড়ি ও কার্গো আমদানিতেও গতি
বন্দর কর্তৃপক্ষের ঊর্ধ্বতন উপ-ব্যবস্থাপক মো. মাকরুজ্জামান জানান, গত সাত মাসে বন্দরে ৫১৫টি বিদেশি বাণিজ্যিক জাহাজ ভিড়েছে। এ সময়ে ৬ হাজার ৪০৪টি রিকন্ডিশন গাড়ি আমদানি হয়েছে। এছাড়া কার্গো হ্যান্ডলিং হয়েছে ৮২ লাখ ৬৬ হাজার মেট্রিক টন, যা গত বছরের একই সময়ের তুলনায় ২৫.০৩ শতাংশ বেশি।
নতুন সরকারের প্রতি প্রত্যাশা
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি নেতৃত্বাধীন জোট সরকার গঠন করায় নতুন সরকারকে অভিনন্দন জানিয়েছেন বন্দর কর্মকর্তা মো. মাকরুজ্জামান। তিনি বলেন, ‘‘আমরা আশাবাদী, নতুন সরকারের দায়িত্বশীল নেতৃত্বে মোংলা বন্দরের আমদানি-রপ্তানি আরও বৃদ্ধি পাবে এবং দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’’

logo-2-1757314069.png)
