লুটপাটের ক্ষত সারাতে সময় লাগবে, তবে বছর শেষে রিজার্ভ হবে ৪০ বিলিয়ন: গভর্নর
অর্থনীতি প্রতিবেদক
প্রকাশ: ১৮ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৩০
বাংলাদেশ ব্যাংকের গভর্নর ড. আহসান এইচ মনসুর বলেছেন, দেশের অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে ঠিকই, কিন্তু এখনো বড় ধরণের ভঙ্গুরতা রয়ে গেছে। বিশেষ করে মূল্যস্ফীতি ৭ শতাংশে নামিয়ে আনার যে লক্ষ্যমাত্রা ছিল, তা অর্জন করতে আরও সময়ের প্রয়োজন হবে।
বুধবার সচিবালয়ে তিনি সাংবাদিকদের এসব কথা বলেন। গভর্নর জানান, দীর্ঘদিনের অনিয়ম ও লুটপাটের ক্ষত সারিয়ে আর্থিক খাতকে স্বাভাবিক অবস্থায় ফিরিয়ে আনা সময়সাপেক্ষ ব্যাপার।
নতুন সরকারের কাছে প্রত্যাশা
ব্যাংক খাতের সংস্কার এবং খেলাপি ঋণ আদায়কে নতুন সরকারের অন্যতম বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করেন গভর্নর। তিনি বলেন, ‘‘জনকল্যাণের স্বার্থে তারেক রহমানের নতুন সরকারকে প্রয়োজনীয় সব কঠোর ও সাহসী অর্থনৈতিক উদ্যোগ নিতে হবে। অন্তর্বর্তী সরকারের সংস্কার কাজগুলো যেন থেমে না থাকে।’’
তবে আশার আলো হিসেবে তিনি রিজার্ভ বৃদ্ধির তথ্য দেন। তিনি জানান, চলতি বছরেই রিজার্ভ ৪০ বিলিয়ন ডলারে পৌঁছাবে, যা আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশের অবস্থান সুদৃঢ় করবে।

logo-2-1757314069.png)
