ধর্মঘটে অচল চট্টগ্রাম বন্দর, দ্বিতীয় দিনেও বন্ধ পণ্য ওঠানামা
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০১ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:০১
ধর্মঘটের কারণে টানা দ্বিতীয় দিনের মতো চট্টগ্রাম বন্দরের জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কার্যক্রম বন্ধ রয়েছে। শনিবারের পর আজ রোববারও সকাল ৮টা থেকে বিকেল ৫টা পর্যন্ত ধর্মঘট পালন করছেন শ্রমিক-কর্মচারীরা। গতকাল যেখানে শুধু অপারেশনাল কাজ বন্ধ ছিল, আজ সেখানে প্রশাসনিক কার্যক্রমও কার্যত অচল হয়ে পড়েছে।
বন্দরের ভেতরে সীমিত পরিসরে কিছু কাজ চললেও অপারেটর না থাকায় প্রধান যন্ত্রপাতি বন্ধ রয়েছে। ফলে জিসিবি টার্মিনালে পণ্য ওঠানামা প্রায় পুরোপুরি থেমে গেছে। সিসিটি ও এনসিটি টার্মিনালে সীমিত আকারে কিছু কার্যক্রম চললেও তা স্বাভাবিক নয়।
ধর্মঘটের ফলে সরকারের রাজস্ব ক্ষতির বিষয়টি খতিয়ে দেখতে ছয় সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছে বন্দর কর্তৃপক্ষ। চট্টগ্রাম বন্দরের সদস্য (প্রকৌশল) কমোডর মো. মাযহারুল ইসলাম জুয়েলকে প্রধান করে গঠিত এই কমিটিকে পাঁচ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে।
এদিকে আন্দোলনে নেতৃত্ব দেওয়ার অভিযোগে চট্টগ্রাম বন্দরের চার কর্মচারীকে ঢাকার কেরানীগঞ্জের পানগাঁও নৌ টার্মিনালে বদলি করা হয়েছে। তবে বদলির আদেশ মানতে অস্বীকৃতি জানিয়ে তারা আন্দোলন চালিয়ে যাচ্ছেন।
বদলি হওয়া কর্মচারীদের একজন ইঞ্জিন ড্রাইভার ইব্রাহিম খোকন বলেন, বিদেশি প্রতিষ্ঠানের হাতে এনসিটি টার্মিনাল দেওয়ার সিদ্ধান্ত বাতিল না হলে আন্দোলন আরও কঠোর হবে। বদলি বা তদন্ত কমিটি দিয়ে শ্রমিকদের দমিয়ে রাখা যাবে না বলেও হুঁশিয়ারি দেন তিনি।
পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে চট্টগ্রাম মহানগর পুলিশ বন্দর এলাকায় মিছিল-সমাবেশে এক মাসের নিষেধাজ্ঞা জারি করেছে। শনিবার মধ্যরাত থেকে ২ মার্চ পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে। তবে সংসদ নির্বাচনের প্রচারণা এর বাইরে রাখা হয়েছে। নিষেধাজ্ঞা অমান্য করলে আইনানুগ ব্যবস্থা নেওয়ার হুঁশিয়ারিও দেওয়া হয়েছে।
নিষেধাজ্ঞা জারির পর আজ সকালে বন্দর এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হলেও সকাল ৮টা থেকে শ্রমিকরা কাজে যোগ না দেওয়ায় বন্দর কার্যক্রম স্বাভাবিক হয়নি।
বন্দর জেটি ও টার্মিনাল পরিচালনাকারী প্রতিষ্ঠানগুলোর সংগঠন বোটসোয়ার সভাপতি ফজলে একরাম চৌধুরী বলেন, জিসিবি টার্মিনালে টানা দ্বিতীয় দিন পণ্য ওঠানামার কাজ ব্যাহত হচ্ছে, যা আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় প্রভাব ফেলছে।

logo-2-1757314069.png)
