জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলীয় মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের এমপি হাসনাত আব্দুল্লাহ বলেছেন, মানুষ বলছে এ সরকারের অনেক গুণ। কিন্তু চার মাসে মেঘনা উপজেলায় চারটি খুন হয়েছে। একটি উপজেলায় চার মাসে যদি চারটি খুন হয়, তাহলে স্বরাষ্ট্রমন্ত্রী আসলে কী করেন? তিনি কখনও প্রধানমন্ত্রীর পক্ষে, কখনও অর্থমন্ত্রীর পক্ষে কথা বলেন। কিন্তু নিজের মন্ত্রণালয় নিয়ে তার কোনো চিন্তা নেই। আইনশৃঙ্খলার অবনতির ধারা অব্যাহত থাকলে বর্তমান সরকারের প্রতি মানুষের আস্থা একসময় পুরোপুরি হারিয়ে যাবে বলেও মন্তব্য করেন তিনি।
রোববার (১৭ মে) কুমিল্লার মেঘনা উপজেলা পরিষদ মাঠে অনুষ্ঠিত এনসিপির পদযাত্রা ও যোগদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। বক্তব্যে হাসনাত আব্দুল্লাহ বলেন, আইনশৃঙ্খলার যে অবনতি হচ্ছে, এ ধারা যদি অব্যাহত থাকে, তাহলে এ সরকারের প্রতি মানুষের আস্থা যেভাবে তলানিতে ঠেকছে, কিছুদিনের মধ্যে সেই আস্থা আর থাকবে না।
অনুষ্ঠানে মেঘনা উপজেলা এনসিপির প্রধান সমন্বয়ক এম কে রশিদের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনসিপির যুগ্ম-মুখ্য সমন্বয়ক নাভিদ নওরোজ শাহ। অনুষ্ঠানে বিভিন্ন রাজনৈতিক দল থেকে আসা প্রায় ১০০ নেতাকর্মী জাতীয় নাগরিক পার্টিতে যোগদান করেন। পরে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন হাসনাত আব্দুল্লাহ।

logo-2-1757314069.png)
