Logo
×

অপরাধ ও আইন

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন

Icon

অনলাইন ডেস্ক

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২২:১০

ডিএমপির নতুন কমিশনার মোসলেহ্ উদ্দিন

পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) প্রধান অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ডিএমপির নতুন কমিশনার হিসেবে নিয়োগ দিয়েছে সরকার।

রোববার (১৭ মে) স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পুলিশ-১ শাখা থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। প্রজ্ঞাপন বলা হয়েছে, অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অতিরিক্ত আইজিপি মোসলেহ্ উদ্দিন আহমেদকে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কমিশনার হিসেবে বদলি ও পদায়ন করা হলো। প্রজ্ঞাপনে বলা হয়েছে, জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে।

উল্লেখ্য যে, গত ২৬ মার্চ ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব পান অতিরিক্ত পুলিশ কমিশনার (সুপারনিউমারারি অতিরিক্ত আইজি) মো. সরওয়ার। পুলিশ সদরদপ্তরের এক প্রজ্ঞাপনে বলা হয়েছিল, নতুন কমিশনার যোগদান না করা পর্যন্ত তিনি এ দায়িত্ব পালন করবেন। এর একদিন আগে ২৫ ফেব্রুয়ারি ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে পদত্যাগ করেন ডিএমপির তৎকালীন কমিশনার শেখ মো. সাজ্জাত আলী। যদিও চুক্তিভিত্তিক নিয়োগের মেয়াদ চলতি বছরের নভেম্বর পর্যন্ত ছিল। সরকারি চাকরির মেয়াদ পূর্ণ হওয়ায় গত বৃহস্পতিবার (১৪ মে) অবসরে যান ডিএমপি’র ভারপ্রাপ্ত কমিশনার মো. সরওয়ার। শেষ কর্মদিবস শেষ করে তিনি ডিএমপির অতিরিক্ত কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন নজরুল ইসলামের কাছে দায়িত্ব হস্তান্তর করেন। যাকে আবার একই সপ্তাহে পৃথক প্রজ্ঞাপনে অপরাধ তদন্ত বিভাগে (সিআইডি) বদলি করেছিল সরকার। তবে নতুন কর্মস্থলে তিনি যোগ দেননি। ১৪ মে আইজিপি ডিএমপির ভারপ্রাপ্ত কমিশনার হিসেবে দায়িত্ব দেন নজরুল ইসলামকে। আজ সরকারি প্রজ্ঞাপনে ডিএমপির কমিশনার হলেন সিআইডি প্রধান মোসলেহ্ উদ্দিন।