শাপলা চত্বরে নিহত ৩২ জনের পরিচয় পেয়েছি: চিফ প্রসিকিউটর
অনলাইন ডেস্ক
প্রকাশ: ০৪ মে ২০২৬, ১০:২৮
২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরে হেফাজতে ইসলামীর সমাবেশে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর হাতে নিহতদের মধ্যে ৩২ জনের নাম-পরিচয় পাওয়া গেছে বলে জানিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম।
রোববার (৩ মে) ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান। চিফ প্রসিকিউটর বলেন, শুধু ঢাকাতেই হত্যার শিকার ৩২ জনের নাম ঠিকানা পাওয়া গেছে। এ ছাড়া নারায়ণগঞ্জ ও চট্টগ্রামসহ অনেক জায়গায় মানুষ মারা গেছে। তদন্তে আমরা সব প্রমাণ পেয়ে গেছি। রং মাখানো তো কাউকে পাইনি।
একটা হত্যাকাণ্ডকে নিয়ে কত রকমের মকারি হয়েছে। মানুষকে হত্যা করে লাশ গুম করে, গণকবর দিয়ে সেই লাশ নিয়ে মকারি করা হয়েছে। এই মামলার তদন্ত শেষ পর্যায়ে উল্লেখ করে চিফ আমিনুল ইসলাম বলেন, আমরা আপ্রাণ চেষ্টা করছি ফেয়ার ইনভেস্টিগেশনের। যাতে প্রকৃত শুধু দোষী ব্যক্তি ছাড়া কেউ হয়রানি না হয়। আমরা তদন্তের ৯০ ভাগ সম্পন্ন করেছি। খুব দ্রুতই সম্ভবত ৭ জুনের মধ্যে তদন্ত প্রতিবেদন দাখিল করা হবে। উল্লেখ্য, এক দশক আগে সংঘটিত এই ঘটনায় ২০২৪ সালের ২৬ নভেম্বর হেফাজত নেতা জুনায়েদ আল হাবিব ও মামুনুল হকের পক্ষে আজিজুল হক ইসলামাবাদী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করেন। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আইজপি বেনজীর আহমেদসহ ৫০ জনের বিরুদ্ধে এই অভিযোগ দায়ের করা হয়।

logo-2-1757314069.png)
