রাজধানীতে স্কুলছাত্র অপহরণের ঘটনায় চারজন গ্রেপ্তার
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৬ ফেব্রুয়ারি ২০২৬, ২০:২৮
রাজধানীতে সচিবালয়ের কর্মচারী খন্দকার শামীম আহমেদের স্কুলপড়ুয়া সন্তানকে অপহরণে জড়িত থাকার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করা হয়েছে। বুধবার (২৫ ফেব্রুয়ারি) রাতে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।
বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে বিষয়টি জানান রমনা বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মাসুদ আলম। গ্রেপ্তার চারজন হলেন - তানভীর আহমেদ ওরফে ফাহিম (২২), ইফফাত ইয়ামিন লিখন (২৩), হাসান আল বান্না ওরফে হাসান (২০) এবং মোস্তাকি রহমান (২১)। ঘটনার সঙ্গে জড়িত আরও একজন পলাতক রয়েছেন, তাকে গ্রেপ্তারে অভিযান অব্যাহত আছে।
গত মঙ্গলবার (২৪ ফেব্রুয়ারি) তথ্য মন্ত্রণালয়ের কর্মচারী খন্দকার শামীমের ছেলে স্কুল থেকে বের হওয়ার পর অপহৃত হয়। শামীম সঙ্গে সঙ্গে সচিবালয়ে থাকা প্রধানমন্ত্রী তারেক রহমানের নজরে আনেন বিষয়টি। প্রধানমন্ত্রী তারেক রহমান দ্রুত ব্যবস্থা নিতে নির্দেশ দেন পুলিশকে। পরে ডিসি মাসুদ আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে খিলগাঁওয়ে নির্মাণাধীন একটি ভবন থেকে ওই শিশুকে উদ্ধার করা হয়। অপহরণকারীরা ৫০ হাজার টাকা মুক্তিপণ দাবি করেছিল বলে জানা যায়। সংবাদ সম্মেলনে ডিসি মাসুদ আলম জানান, উদ্ধারের সময় অপহরণকারীদের কোনো সুনির্দিষ্ট তথ্য পুলিশের কাছে ছিল না। শিশুটিকে নির্মাণাধীন ভবনের নিচে রেখে অপহরণকারীরা পালিয়ে যায়।
পরে সিসিটিভি ফুটেজ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় একটি সংঘবদ্ধ চক্রকে শনাক্ত করা হয়। তাদের মোট সদস্য সংখ্যা প্রায় ১২ জন বলে ধারণা করা হচ্ছে। তারা কৌশলে ভুক্তভোগীদের ডেকে নিয়ে অপহরণ করত। এই দলের চারজন ইতোমধ্যে গ্রেপ্তার হয়েছে। বাকিদেরও আইনের আওতায় আনা হবে।

logo-2-1757314069.png)
