অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তার
রাজধানীতে দাঁড়িপাল্লার পোলিং অফিসারসহ দুজনের কারাদণ্ড
অনলাইন ডেস্ক
প্রকাশ: ১২ ফেব্রুয়ারি ২০২৬, ০০:২০
রাজধানীর পল্লবীতে মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে অবৈধ অনুপ্রবেশ ও প্রভাব বিস্তারের দায়ে জামায়াতে ইসলামীর ‘দাঁড়িপাল্লা’ প্রতীকের দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
বুধবার (১১ ফেব্রুয়ারি) নির্বাচনী দায়িত্ব পালনকালে অনিয়মের অভিযোগে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক এ দণ্ড দেন। দণ্ডপ্রাপ্তরা হলেন মেহেদি হাসান খাদেম (৩২) ও রাইহান হোসেন (২৩)।
জানা গেছে, নির্বাচনের আগের রাতে ঢাকা-১৬ আসনের মিরপুর শহীদ স্মৃতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে দাঁড়িপাল্লা প্রতীকের দুই এজেন্ট নিয়মবহির্ভূতভাবে কেন্দ্রে প্রবেশ করেন। তদন্তে উঠে আসে, ওই কেন্দ্রের দায়িত্বরত পোলিং অফিসার মোছা. সুমনা ইসলাম (সহকারী শিক্ষিকা) তাদের অবৈধভাবে প্রবেশে সহায়তা করেন। স্থানীয় সূত্র জানায়, তিনি স্থানীয় ৬ নম্বর ওয়ার্ড জামায়াতের সাধারণ সম্পাদকের স্ত্রী। ঘটনার পরপরই নির্বাহী ম্যাজিস্ট্রেট সারা ফারজানা হক কেন্দ্রে উপস্থিত হয়ে গণপ্রতিনিধিত্ব আদেশ, ১৯৭২-এর অনুচ্ছেদ ৭৩-এর ২(বি) ধারা অনুযায়ী ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন।
অবৈধ প্রভাব বিস্তারের দায়ে দুই এজেন্টকে দুই বছর সশ্রম কারাদণ্ডের পাশাপাশি ৫ হাজার টাকা অর্থদণ্ড এবং অনাদায়ে আরও ১৫ দিনের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে। এদিকে অনিয়মের অভিযোগে পোলিং অফিসার মোছা. সুমনা ইসলামকে তাৎক্ষণিকভাবে নির্বাচনী দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। প্রিজাইডিং অফিসার জানিয়েছেন, কেন্দ্রের শৃঙ্খলা ও স্বচ্ছতা বজায় রাখতেই দ্রুত এ ব্যবস্থা নেওয়া হয়েছে।

logo-2-1757314069.png)
