সিলেট সীমান্ত দিয়ে পাচারকৃত অবৈধ বিস্ফোরকের চালান উদ্ধার
গোলাম হাফিজ সুফিয়ান, সিলেট প্রতিনিধি
প্রকাশ: ০২ ফেব্রুয়ারি ২০২৬, ১৩:৫৭
সিলেট সীমান্ত দিয়ে ভারত থেকে উচ্চক্ষমতাসম্পন্ন বিস্ফোরক পাচারের ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। সীমান্তের চোরাইপথে এসব বিস্ফোরক লোকালয়ে এনে মজুদ করা হচ্ছে। পরে র্যাব ও পুলিশের অভিযানে সেগুলো উদ্ধার হচ্ছে। আইনশৃঙ্খলাবাহিনী বলছে, নাশকতার উদ্দেশ্যেই এসব বিস্ফোরক দেশে আনা হতে পারে।
সিলেটে ভারতের মেঘালয়ের সাথে থাকা সীমান্ত দিয়ে বিস্ফোরক পাচার বেড়েছে। গত এক সপ্তাহে চারটি বিস্ফোরকের চালান উদ্ধার করেছে র্যাব। উদ্ধার হওয়া বিস্ফোরকের গায়ে ভারতের নাম লেখা রয়েছে।
র্যাব সূত্র জানায়, মেঘালয়ের চুনাপাথর খনিতে ব্যবহৃত ‘পাওয়ার জেল’ এবং ‘ইলেকট্রিক ও নন ইলেকট্রিক ডেটোনেটর’ পাচার করে বাংলাদেশে আনা হচ্ছে। সর্বশেষ শুক্রবার রাতে কানাইঘাটের দিঘীরপাড় ইউনিয়নের একটি পরিত্যক্ত স্কুল ভবন থেকে ২৫টি পাওয়ার জেল ও ২৭টি ইলেকট্রিক ডেটোনেটর উদ্ধার করা হয়। এর আগে গোয়াইনঘাট, তাহিরপুর ও দক্ষিণ সুরমা এলাকায় পরিত্যক্ত ভবন ও স্থাপনা থেকে বিস্ফোরক উদ্ধার করা হয়। তবে এসব ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি।
র্যাব-৯ জানায়, ২০২৪ সালের ৫ আগস্ট থেকে এ পর্যন্ত ১১ কেজি ৭৪০ গ্রাম ভারতীয় বিস্ফোরক ও ৭৮টি ডেটোনেটর উদ্ধার করা হয়েছে। পাশাপাশি উদ্ধার হয়েছে আগ্নেয়াস্ত্র, গুলি, গ্রেনেড, পেট্রোল বোমা ও ককটেল।
র্যাব-৯ এর মিডিয়া অফিসার অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ বলেন, এসব বিস্ফোরক অত্যন্ত শক্তিশালী এবং নাশকতার কাজে ব্যবহার হতে পারে। পাচারের সাথে জড়িতদের শনাক্তে তদন্ত চলছে।
এদিকে নির্বাচনের আগে বিস্ফোরক উদ্ধারের ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন রাজনৈতিক নেতা ও সুশীল সমাজের প্রতিনিধিরা। সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ূম চৌধুরী অবৈধ অস্ত্র ও বিস্ফোরকের বিরুদ্ধে সাঁড়াশি অভিযানের দাবি জানান। সাবেক আইনজীবী নেতা শহিদুল ইসলাম শাহীন বলেন, সীমান্ত দিয়ে বিস্ফোরক প্রবেশ বন্ধ করা না গেলে নির্বাচন ঘিরে নাশকতার আশঙ্কা থেকে যাবে।

logo-2-1757314069.png)
