Logo
×

জেলার খবর

দেড় বছর আগে মৃত শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ

Icon

শাওন মোল্লা, জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২২ জানুয়ারি ২০২৬, ১৮:১৬

দেড় বছর আগে মৃত শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা নিয়োগ

জামালপুরের দেওয়ানগঞ্জে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে দেড় বছর আগে মারা যাওয়া এক শিক্ষককে সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার  নির্বাচনি দায়িত্ব পালনের জন্য প্রশিক্ষণে অংশ নিতে ওই মৃত ব্যক্তির নামে চিঠি ইস্যু করে উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয়।

মৃত শিক্ষকের নাম আব্দুল করিম। তিনি চর মাগুরীহাট দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক ছিলেন। গত বছরের ৩ আগস্ট তিনি মারা যান। বিষয়টি নিশ্চিত করেছেন ওই মাদ্রাসার সুপার মো. শফিউল আলম।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় থেকে জারি করা চিঠির সূত্র নং: ১৭,০০,০০০০,০৩৪.৩৬.০১০.২৫-৪৫০ অনুযায়ী জানা যায়, গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আগামী ২৪ জানুয়ারি সরকারি আব্দুল খালেক মেমোরিয়াল কলেজে অনুষ্ঠিত প্রশিক্ষণে অংশগ্রহণের জন্য নির্বাচিত কর্মকর্তাদের তালিকা প্রেরণ করা হয়। ওই তালিকার ২৮০ নম্বর ক্রমিকে মৃত আব্দুল করিমের নাম সহকারী প্রিজাইডিং কর্মকর্তা হিসেবে দেখা যায়। এ বিষয়ে উপজেলা নির্বাচন কর্মকর্তা মো. রফিকুল ইসলাম বলেন, কারিগরি ত্রুটির কারণে মৃত ব্যক্তির নাম তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। বিষয়টি জানতে পেরে তালিকা থেকে তার নাম বাদ দেওয়ার ব্যবস্থা নেওয়া হচ্ছে।