ভাঙ্গুড়ায় ব্রাজিল সমর্থকদের আনন্দ শোভাযাত্রা; চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যাশা
পাবনা প্রতিনিধি
প্রকাশ: ০৬ জুন ২০২৬, ২২:৩১
বিশ্বের সবচেয়ে বড় ও জনপ্রিয় ক্রীড়া আসর ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনায় ব্রাজিল ফুটবল দলের জার্সি ও পতাকা নিয়ে নানা রঙেঢঙে নেচে-গেয়ে বর্ণাঢ্য শোভাযাত্রা করেছেন পাবনার ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল সমর্থকরা। সমর্থকদের কণ্ঠে ছিল ৬ষ্ঠ বারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয়।
শুক্রবার (০৫ জুন) বিকেলে ভাঙ্গুড়া উপজেলার সরকারি হাজী জামাল উদ্দিন ডিগ্রি কলেজ চত্বর থেকে শোভাযাত্রা বের হয়ে পৌর শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ঘুরে একইস্থানে গিয়ে শেষ হয়।
শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে রাজনৈতিক নেতা–কর্মী, চাকরিজীবি, ব্যবসায়ী, শিক্ষার্থী, সংবাদকর্মীসহ বিভিন্ন বয়সী যুবক ও শিশুরাও ব্রাজিল দলের জার্সি পরে অংশ নেন। এ সময় রাস্তার পাশে বিভিন্ন দোকান, বাসাবাড়ি ও পথচারীরা হাত নেড়ে শোভাযাত্রায় অংশগ্রহণকারীদের শুভেচ্ছা ও সমর্থন জানান।
ভাঙ্গুড়া পৌর ফিটনেস ক্লাবের আয়োজনে শোভাযাত্রায় ব্রাজিলের সমর্থক হিসেবে উপজেলা বিএনপির সদস্য সচিব প্রভাষক জাফর ইকবাল হিরোক, ভাঙ্গুড়া উপজেলা কৃষকদলের সভাপতি আখিরুজ্জামান মাসুম, ভাঙ্গুড়া পৌর যুবদলের সাবেক আহ্বায়ক আরিফুজ্জামান আজিম, ভাঙ্গুড়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক হুমায়ুন আহমেদ মুন, পৌর স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক আবু সাঈদ, ব্রাজিল ভক্ত হাফিজ আল-আফ্রিদী, বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ, তরুণ-যুবকসহ ব্রাজিল সমর্থকরা উপস্থিত ছিলেন।
ফুটবল-সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ফুটবলপ্রেমীদের কাছে বিশ্বকাপ শুধু একটি টুর্নামেন্ট নয়; বরং আবেগ, উৎসব ও ঐক্যের প্রতীক। ভাঙ্গুড়া উপজেলার প্রতিটি গ্রাম, পাড়া, মহল্লা, চায়ের দোকান কিংবা বাসা বাড়িতে মানুষ মেতে উঠেছে বিশ্বকাপের উন্মাদনায়। এই শোভাযাত্রা শুধু উৎসব নয়, এই শোভাযাত্রার পেছনে আছে একটি সচেতন উদ্যোগও। এই আয়োজনের মধ্য দিয়ে নতুন প্রজন্মের মধ্যে ফুটবলের প্রতি ভালোবাসা আরও গভীর হবে বলে বিশ্বাস আয়োজকদের।
শোভাযাত্রার অন্যতম আয়োজক ভাঙ্গুড়া পৌরসভার চৌবাড়ীয়া মাষ্টারপাড়া এলাকার ব্রাজিল ভক্ত শেখ সাখাওয়াত হোসেন জানান, আমরা বাংলাদেশকে হৃদয়ে লালন করি। কিন্তু ব্রাজিলের খেলোয়াড়দের ফুটবল নৈপুণ্য ও কারিশমা সত্যিই আমাদের মুগ্ধ করে। সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের মাধ্যমে ব্রাজিল সমর্থকদের একত্রিত করে এই শোভাযাত্রার আয়োজন করা হয়। পাশাপাশি সুস্থ বিনোদন ও ভ্রাতৃত্ববোধ বজায় রাখাও এই আয়োজনের অন্যতম লক্ষ্য। আসা করছি ফুটবল বিশ্বকাপের ২৩তম আসরে ২১ কোটি মানুষের দেশ ব্রাজিল-ই চ্যাম্পিয়ন হবে।
ভাঙ্গুড়া উপজেলার ব্রাজিল ফুটবল দলের সমর্থক প্রভাষক জাফর ইকবাল হিরোক বলেন, ছোটবেলা থেকেই ব্রাজিলকে মনেপ্রাণে ভালোবাসি। নান্দনিক ফুটবলের জনক ও শৈল্পিক ফুটবলের জাদুকর রেকর্ড পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন আমাদের দল ব্রাজিল। ব্রাজিল দলের প্রতি আমাদের ভালোবাসা জানাতে আজকের এই আনন্দ শোভাযাত্রার আয়োজন।

logo-2-1757314069.png)
