Logo
×

জেলার খবর

জামালপুরে বিতর্কের মুখে চেয়ারম্যানকে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিল বিএনপি নেতারা

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২৪ মে ২০২৬, ২২:৩৮

জামালপুরে বিতর্কের মুখে চেয়ারম্যানকে ৪ হাজার ভিজিএফ কার্ড ফেরত দিল বিএনপি নেতারা

জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বগারচর ইউনিয়নে ঈদুল আজহা উপলক্ষে বরাদ্দ করা সরকারি ভিজিএফ কার্ড বিতরণকে কেন্দ্র করে ব্যাপক বিতর্কের সৃষ্টি হয়েছে। সামাজিক যোগাযোগমাধ্যমে বিএনপি নেতাকর্মীদের হাতে ভিজিএফ কার্ড তুলে দেওয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়ার পর স্থানীয় বিএনপি নেতারা চার হাজারের বেশি কার্ড চেয়ারম্যানের কাছে ফেরত দিয়েছেন বলে জানা গেছে। যদিও বিএনপি নেতাদের দাবি, শুরু থেকেই তারা কোনো কার্ড নিজেদের কাছে নেননি।


রবিবার (২৪ মে) দুপুরে কার্ড ফেরত দেওয়ার একটি ১০ সেকেন্ডের ভিডিও ক্লিপ সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। ভিডিওতে দেখা যায় বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল কার্ড গুলো ইউনিয়ন ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ এর কাছে ফেরত দিচ্ছেন।


এর আগে গত বৃহস্পতিবার (২১ মে) বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশ তার কার্যালয়ে ৪ হাজার ২৪টি ভিজিএফ কার্ড ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের হাতে তুলে দেন। এ সময়কার ছবি ও ভিডিও বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হলে স্থানীয় সাধারণ মানুষের মধ্যে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়।


কার্ড ফেরত দেওয়ার বিষয়ে বগারচর ইউনিয়ন বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি বেলায়েত হোসেন বুলাল বলেন, ভারপ্রাপ্ত চেয়ারম্যান ভিজিএফ কার্ড দেওয়ার পরেই আমি উপজেলার শীর্ষ নেতাদের সঙ্গে এ বিষয়ে কথা বলি। তাঁদের নির্দেশনা না থাকায় তাৎক্ষণিক কার্ডগুলো চেয়ারম্যানের কাছে রেখেই আমরা চলে আসি। আমাদের নামে যে অনিয়মের কথা ছড়ানো হচ্ছে তা সত্য নয়, স্থানীয় বিএনপি কোনো ভিজিএফ কার্ড নিজেরা নেয়নি।


এ বিষয়ে বগারচর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সোহেল রানা পলাশের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি কোনো মন্তব্য করতে রাজি হননি।


এ বিষয়ে বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুরাদ হোসেন বলেন, বিএনপি নেতাদের দেওয়া কার্ডগুলি ফেরত নেওয়া হয়েছে। সরকারি যথা নিয়মে কার্ডগুলি বিতরণ করা হবে। কোনো অনিয়ম পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনি ব্যবস্থা নেওয়া হবে।