যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনা: শিশুসহ ৪ নিহত, আহত ১; ক্ষুব্ধ জনতার কাভার্ড ভ্যানে আগুন
যশোর প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:৫৮
যশোরে ভয়াবহ সড়ক দুর্ঘটনায় শিশুসহ চারজন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও একজন গুরুতর আহত হয়েছেন। শনিবার সকাল সাড়ে ১১টার দিকে যশোর-খুলনা মহাসড়কের সদর উপজেলার চাউলিয়া তেল পাম্পের সামনে এ দুর্ঘটনা ঘটে।
স্থানীয়দের দাবি, খুলনা থেকে যশোরগামী একটি কাভার্ড ভ্যান চাউলিয়া এলাকায় পৌঁছালে একটি ইজিবাইক ও ইঞ্জিনচালিত ভ্যানের সঙ্গে ত্রিমুখী সংঘর্ষ হয়। সংঘর্ষে ইজিবাইক ও ভ্যান দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই নিহত হন মোহাম্মদ আইয়ুব আলী (৪৩) ও বৃষ্টি সাহা (২৪)। পরে গুরুতর আহত অবস্থায় যশোর জেনারেল হাসপাতালে নেওয়া হলে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় চার বছরের শিশু সৌভিক সাহা ও আনোর আলী।
এ ঘটনায় আহত হয়েছেন মনিরামপুর উপজেলার মোহনপুর এলাকার সাজ্জাদ হোসেন (২৮)। তিনি বর্তমানে যশোর জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
নিহত মোহাম্মদ আইয়ুব আলী যশোর সদর উপজেলার ঘুনি পূর্বপাড়া এলাকার বাসিন্দা। আর বৃষ্টি সাহা কোতোয়ালী থানার ঘোড়াগাছা সাহাপাড়া এলাকার সুজন সাহার স্ত্রী বলে জানা গেছে।
দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয় জনতা কাভার্ড ভ্যানে আগুন ধরিয়ে দেয়। পরে খবর পেয়ে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে।
প্রশাসন জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

logo-2-1757314069.png)
