ট্রাক-মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে প্রাণ গেল ২ জনের
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ২৩ মে ২০২৬, ২১:৩৬
নীলফামারীর ডোমারে ট্রাক ও মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষে চালক ও এক পথচারী নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২২ মে) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে নীলফামারী-ডোমার মহাসড়কের সোনারায় বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন ডোমার উপজেলার চিলাহাটি সবুজপাড়া এলাকার মৃত মফিজ উদ্দিনের ছেলে ও মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলাম (৩৮) এবং মাহিগঞ্জ এলাকার রতন অধিকারীর ছেলে বিকাশ অধিকারী (২৫)।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দেবীগঞ্জ থেকে নীলফামারীগামী একটি ট্রাকের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিথিলা গাড়ির মুখোমুখি সংঘর্ষ হয়। সংঘর্ষের তীব্রতায় ঘটনাস্থলেই মিথিলা গাড়ির চালক মমিনুল ইসলামের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে দাঁড়িয়ে থাকা পথচারী বিকাশ অধিকারীকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। পরে ডোমার ফায়ার সার্ভিসের সদস্যরা তাকে উদ্ধার করে ডোমার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
খবর পেয়ে ডোমার থানা পুলিশ ও ট্রাফিক পুলিশের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। দুর্ঘটনার পরও মহাসড়কে যান চলাচল স্বাভাবিক ছিল বলে জানিয়েছে সংশ্লিষ্টরা।
ডোমার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ হাবিবুল্লাহ নিহতের বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার কারণ অনুসন্ধানে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

logo-2-1757314069.png)
