কুড়িগ্রামের রাজারহাট উপজেলার সিংগারডাবরী হাটে বিক্রির উদ্দেশ্যে আনা প্রায় এক মণ পচা ও গলিত মহিষের মাংস জব্দ করেছে উপজেলা প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মাংসগুলো মাটিচাপা দিয়ে ধ্বংস করা হয়।
স্থানীয় সূত্রে জানা গেছে, মহিষটি কয়েকদিন আগে জবাই করা হয়েছিল। দীর্ঘদিন বিক্রি না হওয়ায় মাংস বিক্রেতা আবুল কালাম পচে যাওয়া মাংস সিংগারডাবরী হাটে বিক্রির জন্য নিয়ে আসেন।
গোপন সংবাদের ভিত্তিতে রাজারহাট উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান ঘটনাস্থলে অভিযান পরিচালনা করেন। প্রশাসনের উপস্থিতি টের পেয়ে অভিযুক্ত মাংস বিক্রেতা পালিয়ে যান। পরে ফৌজদারি কার্যবিধি (সিআরপি) ১৮৯৮-এর ৫২১(২) ধারা অনুযায়ী প্রায় ৩৮ কেজি পচা মাংস জব্দ করা হয়।
এ বিষয়ে নির্বাহী ম্যাজিস্ট্রেট সামিউর রহমান বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ৩৮ কেজি পচা মাংস জব্দ করা হয়। ধারণা করা হচ্ছে, চার থেকে পাঁচদিন আগে জবাই করা মাংস সংরক্ষণের অভাবে নষ্ট হয়ে যায়। পরে সেগুলো বিক্রির উদ্দেশে নিয়ে আসে। পরে ঘটনাস্থলে গিয়ে মাংসগুলো ধ্বংস করে মাটিচাপা দেওয়া হয়েছে। অভিযুক্ত ব্যক্তি প্রশাসনের উপস্থিতির আগেই পালিয়ে যায়।

logo-2-1757314069.png)
