পরকীয়ার সন্দেহে ৪ সন্তানের জনককে রশি দিয়ে বেঁধে নির্যাতন, ১৬ ঘণ্টা পর উদ্ধার করল পুলিশ
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশ: ২১ মে ২০২৬, ২১:২৯
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পৌর এলাকার বাউসী মধ্যপাড়ায় পরকীয়ার সন্দেহে ফারুক হোসেন (৪২) নামে চার সন্তানের এক জনককে রশি দিয়ে বেঁধে নির্যাতনের অভিযোগ উঠেছে। পরে খবর পেয়ে পুলিশ তাকে উদ্ধার করে থানায় নিয়ে যায়। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করেছে।
অভিযোগ সূত্রে জানা যায়, বুধবার রাত আনুমানিক ১টার দিকে সরিষাবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের বাউসী মধ্যপাড়ায় বেলাল হোসেনের বাড়িতে এ ঘটনা ঘটে। খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক শত শত নারী-পুরুষের ভিড় জমে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, স্থানীয় আনোয়ার হোসেনের নেতৃত্বে কয়েকজন ব্যক্তি প্রথমে ফারুক হোসেনকে বাড়ির আঙিনায় একটি গাছের সঙ্গে এবং পরে বসতঘরের বারান্দার গ্রিলের সঙ্গে দুই হাত পেছনে বেঁধে মারধর করেন।
স্থানীয় সূত্রে জানা যায়, ফারুক হোসেন ও বেলাল হোসেন একই এলাকার প্রতিবেশী। অভিযোগ রয়েছে, রাতের দিকে বেলাল হোসেনের পুত্রবধূ রেশমী বেগমের কক্ষে যাওয়ার সময় স্থানীয়রা তাকে আটক করেন। এরপর তাকে গণপিটুনির শিকার হতে হয়।
ফারুক হোসেন অভিযোগ করেন, মারধরের সময় তার কাছে থাকা মোবাইল ফোন ও মানিব্যাগ নিয়ে নেওয়া হয়েছে।
খবর পেয়ে বৃহস্পতিবার বিকেল প্রায় ৪টার দিকে সরিষাবাড়ী থানা-এর এসআই সুব্রত সরকার সঙ্গীয় ফোর্স নিয়ে ঘটনাস্থলে গিয়ে তাকে উদ্ধার করেন।
উদ্ধারকারী কর্মকর্তা এসআই সুব্রত সরকার জানান,ঘটনাস্থল থেকে ফারুক হোসেনকে উদ্ধার করে থানায় আনা হয়। পরে চিকিৎসার জন্য তাকে পরিবারের সদস্য আফাজ উদ্দিনের জিম্মায় দেওয়া হয়েছে।
এ ঘটনায় স্থানীয় সচেতন মহলের কয়েকজন ব্যক্তি, যার মধ্যে আব্দুল বারীক ও ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি হাবিবুর রহমান হাবিব রয়েছেন, ঘটনার সুষ্ঠু তদন্ত ও দোষীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে সরিষাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ইকবাল হোসেন বলেন,ঘটনার বিষয়ে শুনেছি। তবে এখন পর্যন্ত কোনো লিখিত অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

logo-2-1757314069.png)
