Logo
×

জেলার খবর

কম খরচে নিরাপদ যাত্রা, ঈদে জামালপুর-ঢাকা পথে ১২০০ গরুর ক্যাটল ট্রেন

Icon

জামালপুর প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ১৯:৪৩

কম খরচে নিরাপদ যাত্রা, ঈদে জামালপুর-ঢাকা পথে ১২০০ গরুর ক্যাটল ট্রেন

ঈদুল আজহাকে সামনে রেখে জামালপুরের ইসলামপুর থেকে ঢাকায় গরু পরিবহনে বিশেষ ক্যাটল ট্রেন চালু করেছে বাংলাদেশ রেলওয়ে। কম  খরচ, দ্রুত যাত্রা ও পথে চাঁদাবাজির ঝামেলা না থাকায় গরু ব্যবসায়ীদের কাছে এবার ট্রেনই ভরসার পরিবহন মাধ্যম হয়ে উঠেছে। ইতোমধ্যে তিনটি ট্রেনের সব ওয়াগন বুকিং হয়ে গেছে।


বৃহস্পতিবার (২১ মে) ইসলামপুর রেলওয়ে স্টেশনে মাস্টার শাহীন মিয়া  বিষয়টি নিশ্চিত করেন।


শুক্রবার (২২ মে) দুপুর সাড়ে ৩টায় প্রথম ক্যাটল ট্রেনটি ইসলামপুর থেকে ঢাকার উদ্দেশে ছেড়ে যাবে। প্রতিটি ট্রেনে থাকবে ২৫টি করে ওয়াগন এবং প্রতিটি ওয়াগনে নেওয়া হবে ১৬টি করে গরু। সে হিসেবে একটি ট্রেনে প্রায় ৪০০টি গরু পরিবহন করা সম্ভব হবে।


রেলওয়ে থেকে জানা যায়, এবার তিনটি ট্রেনে মোট ৭৫টি ওয়াগন বরাদ্দ দেওয়া হয়েছে। সব মিলিয়ে প্রায় ১২০০ গরু ঢাকায় নেওয়া হবে। প্রতি ওয়াগনের ভাড়া নির্ধারণ করা হয়েছে ৮ হাজার টাকা। অর্থাৎ একটি গরু পরিবহনে খরচ পড়বে মাত্র ৫০০ টাকা। এরি মধ্যে সবগুলো ওয়াগন ইসলামপুর থেকে বুকিং দেওয়া হয়েছে।


গরু ব্যবসায়ীরা বলছেন, ট্রেনের কারণে পরিবহন ব্যয় যেমন কমেছে, তেমনি পথে হয়রানি ও ঝুঁকিও কমেছে।


ইসলামপুরের গরু ব্যবসায়ী মতিউর রহমান মতি বলেন, আগে ট্রাকে গরু নিতে গেলে পথে পথে চাঁদা দিতে হতো। এছাড়া যানজট ও নানা ঝামেলা ছিল। ট্রেনে এসব ঝামেলা নেই। এখন কম খরচে সহজেই গরু ঢাকায় নিতে পারছি।


আরেক ব্যবসায়ী প্রান্ত রহমান বলেন, এবার ৫ টা গরু ঢাকায় নিয়ে যাবো। ট্রাকে নিয়ে গেলে গরু অসুস্থ হয়ে যেত। এবার ট্রেনে নিয়ে যাইতেছি খরচ ও অর্ধেকেরও কম। ঝুঁকিও নাই। তাই এখন বেশিরভাগ ব্যবসায়ী ট্রেনেই গরু নিয়ে যাইতেছে।


এ বিষয়ে স্টেশন মাস্টার শাহীন মিয়া বলেন, ক্যাটেল ট্রেন চালুর পর ব্যবসায়ীদের মধ্যে ব্যাপক সাড়া পাওয়া যাচ্ছে। শুরুতে মাত্র ১৫টি ওয়াগন ছিল। এখন চাহিদা অনেক বেড়েছে। কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতার কারণে এর চেয়ে বেশি ট্রেন দেওয়া সম্ভব হয়নি। ইতোমধ্যে সব ট্রেনের ওয়াগন বুকিং সম্পন্ন হয়েছে। ইসলামপুর থেকে ট্রেন ছাড়ার পর এটি কোথাও থামবে না। সরাসরি ঢাকা ক্যান্টনমেন্ট স্টেশনে গিয়ে পৌঁছাবে।