Logo
×

জেলার খবর

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে: জেলা প্রশাসক

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ২১ মে ২০২৬, ০৯:১৯

ডিজিটাল ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা ও জবাবদিহিতা বাড়বে: জেলা প্রশাসক

ভূমি ব্যবস্থাপনায় স্বচ্ছতা, জবাবদিহিতা ও জনবান্ধব সেবা নিশ্চিত করতে নীলফামারীতে ভূমিসেবা বিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।


‘ভূমি সেবা সপ্তাহ ও ভূমিমেলা-২০২৬’ উপলক্ষে বুধবার (২০ মে) বিকেলে জেলা প্রশাসকের কার্যালয়ের সভাকক্ষে এ সেমিনারের আয়োজন করে জেলা প্রশাসন।


সেমিনারে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র। এছাড়া বক্তব্য রাখেন সিদ্দিকুর রহমান।


সেমিনারে ভূমি ব্যবস্থাপনা অটোমেশন সিস্টেমের বিভিন্ন সুবিধা তুলে ধরা হয়। বক্তারা জানান, ডিজিটাল ভূমি ব্যবস্থাপনার মাধ্যমে কাগজবিহীন সেবা প্রদান, সময় ও ব্যয় সাশ্রয়, দালাল নির্ভরতা হ্রাস, সেবার জবাবদিহিতা বৃদ্ধি, ক্যাশলেস লেনদেন, রেকর্ড হালনাগাদ এবং শতভাগ অনলাইন পেমেন্ট নিশ্চিত করা সম্ভব হবে।


প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান বলেন, ভূমি-সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণে সাধারণ মানুষ এখন সহজেই ১৬১২২ নম্বরের টোল-ফ্রি কলসেন্টারের মাধ্যমে প্রয়োজনীয় সহায়তা পেতে পারেন। তিনি বলেন, নাগরিকদের দোরগোড়ায় দ্রুত ও হয়রানিমুক্ত সেবা পৌঁছে দিতে সরকার ভূমি ব্যবস্থাপনাকে সম্পূর্ণ ডিজিটাল ও কাগজবিহীন করার লক্ষ্যে কাজ করছে।


সেমিনারে সরকারি কর্মকর্তা, শিক্ষাবিদ, গণমাধ্যমকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা অংশ নেন। ভূমিসেবা সহজীকরণ ও প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে এ ধরনের উদ্যোগ গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে মত দেন অংশগ্রহণকারীরা।