সৈয়দপুরে সড়কে রক্তাক্ত দুপুর, গুরুতর আহত দুই তরুণ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৮ মে ২০২৬, ০০:২৭
নীলফামারীর সৈয়দপুরে কাভার্ড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলের সংঘর্ষে দুই যুবক গুরুতর আহত হয়েছেন। তাদের অবস্থার অবনতি হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
রোববার (১৭ মে) দুপুরে সৈয়দপুর-পার্বতীপুর সড়কের ক্যান্টনমেন্ট সংলগ্ন কদমতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সৈয়দপুর থেকে পার্বতীপুরগামী একটি মোটরসাইকেল বিপরীত দিক থেকে আসা আহমদ কার্গো সার্ভিসের একটি কাভার্ড ভ্যানের সঙ্গে মুখোমুখি সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষের পর মোটরসাইকেলের চালক ও আরোহী সড়কে ছিটকে পড়েন। এসময় কাভার্ড ভ্যানের চাকা তাদের পায়ের ওপর দিয়ে চলে যায়।
দুর্ঘটনায় আহতরা হলেন সৈয়দপুর শহরের মুন্সিপাড়া এলাকার তানজিম (২০) ও সাগর (২৮)। স্থানীয়রা দ্রুত তাদের উদ্ধার করে সৈয়দপুর ১০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে তাদের রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। হাসপাতাল সূত্রে জানা গেছে, আহত দুজনের অবস্থাই আশঙ্কাজনক।
খবর পেয়ে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল ও কাভার্ড ভ্যানটি জব্দ করে। এ ঘটনায় কাভার্ড ভ্যানের চালক আশিক (২৮)কে হেফাজতে নেওয়া হয়েছে।
সৈয়দপুর থানার পুলিশ জানিয়েছে, দুর্ঘটনার বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

logo-2-1757314069.png)
