Logo
×

জেলার খবর

নীলফামারীতে অভিযানে ৩২ মোটরসাইকেল উদ্ধার, আটক ১

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৭ মে ২০২৬, ২১:৫১

নীলফামারীতে অভিযানে ৩২ মোটরসাইকেল উদ্ধার, আটক ১

নীলফামারীর জলঢাকা উপজেলায় অভিযান চালিয়ে চোরাই সন্দেহে ৩২টি মোটরসাইকেল উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একটি গ্যারেজ ও গোডাউনের মালিককে আটক করা হয়েছে।


রোববার (১৭ মে) বিকেলে উপজেলার টেঙ্গনমারী এলাকার পশ্চিম খুটামারা মমিনটলি এলাকায় অভিযান চালিয়ে মোটরসাইকেলগুলো উদ্ধার করা হয়। আটক ব্যক্তি হলেন আব্বাস আলী, তিনি ওই এলাকার মৃত মতিয়ার রহমানের ছেলে।


পুলিশ জানায়, সম্প্রতি গ্রেপ্তার হওয়া কুখ্যাত মোটরসাইকেল চোর শাহিনকে জিজ্ঞাসাবাদের সময় গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া যায়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে জলঢাকা থানা পুলিশ বিকেল ৩টার দিকে আব্বাস আলীর গ্যারেজ ও সংলগ্ন গোডাউনে অভিযান পরিচালনা করে। 


এ সময় বিভিন্ন ব্র্যান্ডের ৩২টি মোটরসাইকেল উদ্ধার করা হয়, যেগুলোর বেশিরভাগেরই বৈধ কাগজপত্র দেখাতে পারেননি গ্যারেজ মালিক।


প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক আব্বাস আলী পুলিশকে জানিয়েছেন, তিনি দীর্ঘদিন ধরে শাহিন, ফরিদুলসহ একটি চক্রের কাছ থেকে মোটরসাইকেল সংগ্রহ করতেন। স্থানীয়ভাবে পুরাতন মোটরসাইকেল কেনাবেচার আড়ালে এসব কার্যক্রম পরিচালনা করা হচ্ছিল বলে পুলিশের ধারণা।


অভিযানকালে কিছু মালিকানা সংক্রান্ত কাগজপত্র জব্দ করা হয়েছে। বর্তমানে সেগুলো যাচাই-বাছাই করছে পুলিশ।


জলঢাকা থানা পুলিশ জানিয়েছে, এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। একই সঙ্গে চোরচক্রের অন্যান্য সদস্যদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।