নীলফামারীতে খুলনা মেইলের ইঞ্জিন লাইনচ্যুত, সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল বন্ধ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৭ মে ২০২৬, ১৭:০৫
নীলফামারীতে রেললাইনের ওপর গাছের ডাল ভেঙে পড়ে খুলনাগামী খুলনা মেইল (রকেট) এক্সপ্রেসের ইঞ্জিন লাইনচ্যুত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় সৈয়দপুর-চিলাহাটি রুটে ট্রেন চলাচল সাময়িকভাবে বন্ধ রয়েছে। রেল কর্তৃপক্ষ জানিয়েছে, উদ্ধার কাজ শেষ হলে বিকেলের মধ্যে চলাচল স্বাভাবিক হতে পারে।
রোববার (১৭ মে) সকাল ৮টার দিকে জেলার খয়রাতনগর রেলওয়ে স্টেশনের অদূরে এ দুর্ঘটনা ঘটে।
রেলওয়ে সূত্র জানায়, চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী খুলনা মেইল এক্সপ্রেস নীলফামারী স্টেশনে যাত্রাবিরতির পর খয়রাতনগর এলাকায় পৌঁছালে রেললাইনের ওপর পড়ে থাকা গাছের ডালের সঙ্গে ইঞ্জিনের সংঘর্ষ হয়। এতে ইঞ্জিনের চাকা লাইনচ্যুত হয় এবং ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়।
ঘটনার পর সৈয়দপুর থেকে চিলাহাটি রুটে সব ধরনের ট্রেন চলাচল বন্ধ ঘোষণা করা হয়। এর প্রভাব পড়ে খুলনাগামী আন্তঃনগর রূপসা এক্সপ্রেসেও। ট্রেনটির চিলাহাটি, ডোমার ও নীলফামারী স্টেশনের যাত্রা বাতিল করে সৈয়দপুর থেকে খুলনার উদ্দেশ্যে চালানো হয়।
দুর্ঘটনার খবর পেয়ে পার্বতীপুর থেকে একটি রিলিফ ট্রেন ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কার্যক্রম শুরু করে। রেলকর্মীরা লাইনচ্যুত ইঞ্জিন উদ্ধার ও রেলপথ সচল করতে কাজ করছেন।
নীলফামারী রেলওয়ে স্টেশনের সহকারী স্টেশন অফিসার মিঠুর রায় বলেন, পার্বতীপুর থেকে রিলিফ ট্রেন এসে উদ্ধার কাজ শুরু করেছে। আশা করছি বিকেলের মধ্যে ট্রেন চলাচল স্বাভাবিক করা সম্ভব হবে।

logo-2-1757314069.png)
