পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ ৫৬৫ ইয়াবা উদ্ধার, কারবারি গ্রেপ্তার
গাইবান্ধা প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২২:১১
গাইবান্ধার পলাশবাড়ীতে মোটরসাইকেলসহ ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)-১৩। এ ঘটনায় মিন্টু মিয়া (৩০) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে।
শনিবার (১৬ মে) বিকেলে র্যাব-১৩ এর অধিনায়কের পক্ষে সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তার মিন্টু মিয়া পলাশবাড়ী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের রাইগ্রাম এলাকার মৃত দুলু মিয়ার ছেলে।
র্যাব জানায়, শুক্রবার (১৫ মে) দিবাগত রাত পৌনে ২টার দিকে সিপিসি-৩, র্যাব-১৩, গাইবান্ধা ক্যাম্পের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পলাশবাড়ীর রাইগ্রাম এলাকায় অভিযান চালায়। এ সময় একটি পালসার মোটরসাইকেল তল্লাশি করে ৫৬৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পাশাপাশি দুটি পুরাতন অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ২ হাজার টাকা জব্দ করা হয়।
এ ঘটনায় মাদক কারবারি মিন্টু মিয়াকে গ্রেপ্তার করা হয়। পরবর্তী আইনগত কার্যক্রমের জন্য তাকে এবং জব্দকৃত আলামত সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছে র্যাব।
স্থানীয় সূত্রে জানা যায়, মিন্টু মিয়া দীর্ঘদিন ধরে রাইগ্রামসহ আশপাশের এলাকায় মাদক ব্যবসা পরিচালনা করে আসছিল। এলাকাবাসীর অভিযোগ, বর্তমানে ওই এলাকার মাদক সিন্ডিকেটের অন্যতম নিয়ন্ত্রক তিনি।
স্থানীয়দের দাবি, এলাকায় এখনও আরও কয়েকজন মাদক কারবারি সক্রিয় রয়েছে। তাদের দ্রুত আইনের আওতায় এনে পলাশবাড়ীকে মাদকমুক্ত করার দাবি জানিয়েছেন তারা।
অতিরিক্ত পুলিশ সুপার বিপ্লব কুমার গোস্বামী বলেন, ‘মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র্যাব-১৩ এর গোয়েন্দা তৎপরতা ও চলমান অভিযান অব্যাহত থাকবে।’

logo-2-1757314069.png)
