Logo
×

জেলার খবর

যশোরে ২০৪২ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন

Icon

যশোর প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ২১:১৮

যশোরে ২০৪২ পরিবারের মাঝে ফ্যামিলি কার্ড বিতরণ উদ্বোধন

​যশোর সদর উপজেলার চাঁচড়া ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে ২ হাজার ৪২টি পরিবারের মধ্যে ফ্যামিলি কার্ড বিতরণ কার্যক্রমের জমকালো উদ্বোধন করা হয়েছে। শনিবার (১৬ মে) বিকেলে চাঁচড়া ভাতুড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে জেলা প্রশাসন ও সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনে এই উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।


​অনুষ্ঠানে চাঁদপুর জেলা থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে ল্যাপটপের বাটন প্রেসের মাধ্যমে দেশব্যাপী এই কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধান অতিথি প্রধানমন্ত্রী তারেক রহমান। যশোরে এই উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা প্রশাসক মোহাম্মদ আশেক হাসান।


​অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে প্রধানমন্ত্রীর পক্ষে প্রতীকীভাবে ১০টি পরিবারের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত। উদ্বোধনের সঙ্গে সঙ্গেই কার্ডপ্রাপ্ত ২ হাজার ৪২টি পরিবারের প্রত্যেকের মোবাইল ব্যাংকিং অ্যাকাউন্টে ২ হাজার ৫০০ টাকা করে আর্থিক সহায়তা প্রেরণ করা হয়। বাকি পরিবারগুলোর হাতে পর্যায়ক্রমে সমাজসেবা অধিদপ্তরের মাধ্যমে কার্ড বিতরণ করা হবে বলে জানানো হয়েছে।


​ভার্চুয়াল বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমান বলেন, বর্তমান সরকার নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নে নিরলস কাজ করে যাচ্ছে। ইতোমধ্যে সারাদেশে ফ্যামিলি কার্ড বিতরণ ও খাল খনন কার্যক্রম শুরু হয়েছে। দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়ন প্রসঙ্গে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থীদের উপবৃত্তি দেওয়া হবে এবং ডিগ্রি পর্যন্ত বিনামূল্যে শিক্ষা ব্যবস্থা চালুর পরিকল্পনা সরকারের রয়েছে। এ সময় তিনি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেন, একটি মহল রাজনীতির নামে দেশে বিভ্রান্তি সৃষ্টির অপচেষ্টা চালাচ্ছে।


​প্রধান অতিথির পক্ষে কার্ড বিতরণ শেষে আবেগঘন বক্তব্যে বিদ্যুৎ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত বলেন, "আল্লাহর অশেষ রহমতে আমরা আমাদের সবচাইতে বড় ওয়াদা পূরণ করতে সমর্থ হয়েছি। আজকে চাঁচড়া ইউনিয়নের মা-বোনেরা ফ্যামিলি কার্ডের মাধ্যমে ২,৫০০ টাকা করে পেয়েছেন, এটি শুধু তাদের জন্যই আনন্দের বার্তা বয়ে আনেনি; আমরা যারা রাজনৈতিক কর্মী, জনগণের ভাগ্য পরিবর্তনের রাজনীতি করি, তারা ওয়াদা রাখতে পেরে অত্যন্ত আনন্দিত ও আল্লাহর দরবারে শুকরিয়া আদায় করছি।


​প্রতিমন্ত্রী আরও বলেন, আমি স্পষ্ট করে বলতে চাই, আপনাদের দোয়া ও সহযোগিতা থাকলে এই সরকারের ৫ বছর মেয়াদেই আমরা যশোর সদর উপজেলার ১৩৫টি ওয়ার্ড এবং যশোর পৌরসভার ৯টি ওয়ার্ডে ফ্যামিলি কার্ডের কার্যক্রম বিস্তৃত করব।দেশের সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, আসুন, আমরা সকলে আমাদের প্রিয় প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতকে শক্তিশালী করি। তার হাত শক্তিশালী হলে ইনশাআল্লাহ এই বাংলাদেশ নতুন করে গড়ে উঠবে। যেই নতুন বাংলাদেশের স্বপ্নে বিভোর হয়ে আমাদের সন্তানেরা—ছাত্র, কৃষক, শ্রমিক, যুবকেরা—২৪-এর গণঅভ্যুত্থানে অকাতরে জীবন দান করেছিলেন।


​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন যশোরের 

পুলিশ সুপার সৈয়দ রফিকুল ইসলাম, জেলা এনএসআই কার্যালয়ের যুগ্ম পরিচালক আবু তাহের মো. পারভেজ, জেলা সমাজসেবা কর্মকর্তা মো. হারুন-অর-রশিদ, জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট সৈয়দ সাবেরুল হক সাবু এবং জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন খোকনস প্রমুখ।