সরিষাবাড়ীর পোগলদীঘা ইউনিয়নে বিএনপি কার্যালয়ে দুর্বৃত্তের আগুন
সরিষাবাড়ি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ২১:১৫
জামালপুরের সরিষাবাড়ী উপজেলার পোগলদীঘা ইউনিয়নের বিন্নাফৈর গ্রামে গভীর রাতে দুর্বৃত্তদের দেওয়া আগুনে ২নং ওয়ার্ড বিএনপির কার্যালয় ক্ষতিগ্রস্ত হয়েছে। এ ঘটনায় দলীয় ব্যানার, ফেস্টুন ও জাতীয় নেতাদের ছবি পুড়ে যায়।
শনিবার (১৬ মে) সকালে স্থানীয়রা কার্যালয়ের দরজার তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে বিষয়টি দলীয় নেতাকর্মীদের জানান। পরে তারা এসে দেখতে পান, কার্যালয়ের ভেতরে টাঙানো শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া, তারেক রহমান ও আব্দুস সালাম তালুকদারের ছবিসহ বিভিন্ন ব্যানার-ফেস্টুন এবং প্রতীকী ম্যুরাল আগুনে পুড়ে গেছে।
খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন পোগলদীঘা ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু, যুবদলের সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন ও কৃষকদলের আহ্বায়ক আব্দুল মজিদসহ স্থানীয় নেতাকর্মীরা।
ঘটনার নিন্দা জানিয়ে ইউনিয়ন বিএনপির সভাপতি মামুনুর রশিদ ফকির অভিযোগ করেন, রাজনৈতিক অস্থিতিশীলতা সৃষ্টির উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এ অগ্নিসংযোগ করা হয়েছে।
এদিকে, সাধারণ সম্পাদক রাশেদুল ইসলাম রনজু বলেন, দেশের উন্নয়ন ও স্থিতিশীলতা নষ্ট করতে পরিকল্পিতভাবে এ ধরনের নাশকতা চালানো হচ্ছে। তিনি দ্রুত তদন্ত করে জড়িতদের আইনের আওতায় আনার দাবি জানান।
এর 'র ওসি (তদন্ত) মনিরুল ইসলাম জানান, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে আলামত সংগ্রহ করেছে। বিষয়টি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

logo-2-1757314069.png)
