কিশোরগঞ্জে ৯০ পিস ট্যাপেন্ডাডলসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৪:৩৫
নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলায় অভিযান চালিয়ে ৯০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেটসহ দুই মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাদের কাছ থেকে মাদক বিক্রির নগদ টাকা উদ্ধার করা হয়।
শুক্রবার (১৫ মে) রাতে কিশোরগঞ্জ থানার মাগুড়া ইউনিয়নের সিঙ্গেরগাড়ি নেকাবাস মাদ্রাসার দক্ষিণ পাশের এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।
পুলিশ জানায়, জেলা পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁনের নির্দেশনায় পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. আব্দুল কুদ্দুসের নেতৃত্বে কিশোরগঞ্জ থানার একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায়। অভিযানে দক্ষিণ সিঙ্গেরগাড়ি পোদ্দারপাড়া এলাকার মো. রমজান আলী (২৩) ও মো. ইয়াছিন আলীকে (৩০) আটক করা হয়।
তল্লাশিকালে রমজান আলীর প্যান্টের পকেট থেকে ৮০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট ও মাদক বিক্রির ১ হাজার ৯৫০ টাকা উদ্ধার করা হয়। এছাড়া ইয়াছিন আলীর পকেট থেকে আরও ১০ পিস ট্যাপেন্ডাডল ট্যাবলেট জব্দ করা হয়।
পুলিশের দাবি, উদ্ধার হওয়া ট্যাবলেটগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় ৯ হাজার টাকা। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক দুজন দীর্ঘদিন ধরে পরস্পরের যোগসাজশে এলাকায় মাদক কেনাবেচা করে আসছিল বলে তথ্য পাওয়া গেছে।
এ ঘটনায় কিশোরগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ।

logo-2-1757314069.png)
