Logo
×

জেলার খবর

সৈয়দপুরে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ আটক

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১৬ মে ২০২৬, ১৪:৩১

সৈয়দপুরে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে বৃদ্ধ আটক

নীলফামারীর সৈয়দপুরে ১১ বছর বয়সী এক শিশুকে দোকানের ভেতরে নিয়ে শ্লীলতাহানির অভিযোগে এক বৃদ্ধকে আটক করেছে পুলিশ। শুক্রবার (১৫ মে) বিকেলে শহরের মুন্সিপাড়া মহিলা কলেজ সংলগ্ন এলাকায় এ ঘটনা ঘটে।


আটক ব্যক্তি হলেন বিশ্বনাথ মহন্ত (৭০)। তিনি দীর্ঘদিন ধরে ওই এলাকায় বসবাস করে নিজ বাড়ির সামনে খেলনা ও বই-খাতার দোকান পরিচালনা করে আসছিলেন।


ভুক্তভোগী শিশুর পরিবার সূত্রে জানা যায়, বিকেল সাড়ে ৪টার দিকে শিশুটি পাশের দোকানে খেলনা স্টিকার কিনতে যায়। এ সময় দোকান মালিক তাকে কৌশলে দোকানের ভেতরে ডেকে নেয়। পরে দোকানের ঝাপ নামিয়ে শিশুটির সঙ্গে অসদাচরণ ও শ্লীলতাহানির চেষ্টা করা হয় বলে অভিযোগ ওঠে।


একপর্যায়ে শিশুটি চিৎকার করলে আশপাশের স্থানীয় লোকজন ঘটনাস্থলে ছুটে আসেন। পরে এলাকাবাসী অভিযুক্তকে আটক করে। খবর পেয়ে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এর মাধ্যমে সৈয়দপুর থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাকে পুলিশি হেফাজতে নেয়।


এ ঘটনায় শিশুটির বাবা বাদী হয়ে সৈয়দপুর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি এজাহার দায়ের করেছেন।


সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ রেজাউল করিম রেজা জানায়, অভিযোগটি গুরুত্বসহকারে তদন্ত করা হচ্ছে। ভুক্তভোগী শিশুর ডাক্তারি পরীক্ষা ও প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে।