বিছনাকান্দিতে ঘুরতে গিয়ে শাবিপ্রবি শিক্ষার্থীর লাশ উদ্ধার
শাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ: ১৬ মে ২০২৬, ০২:৪৪
সিলেটের গোয়াইনঘাট উপজেলার পর্যটন কেন্দ্র বিছনাকান্দিতে গোসল করতে নেমে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।
নিহত শান্ত বণিক বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের পেট্রোলিয়াম অ্যান্ড মাইনিং ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থী। তার দেশের বাড়ি ঠাকুরগাঁও জেলা বলে জানান প্রক্টর।
শুক্রবার (১৫ মে) রাত সাড়ে ৯টায় ডুবুরি দল লাশ উদ্ধার করে বলে জানান বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মোখলেছুর রহমান।
প্রক্টর বলেন, "লাশ সুরতহাল করা হবে না বলে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্ব নিয়েছে। তার বাড়ি অনেক দূরে বিধায় আসতে অনেক সময় লাগবে, এজন্য তার পরিবারকে আসতে নিষেধ করেছি। আমরা এখান থেকে সকল আনুষ্ঠানিকতা বজায় রেখে লাশ পাঠানোর ব্যবস্থা করছি।"
একই বিভাগের শিক্ষার্থী ইবরাহীম ইসলাম বলেন, "ওরা তিনজন বিকাল ৫টার দিকে পানিতে গোসল করতে নামে। পানির স্রোত বেশি থাকায় স্রোতে টেনে নিয়ে যায়। স্থানীয় এক মহিলা শান্ত বণিককে বাঁচানোর চেষ্টা করেন কিন্তু তিনি ব্যর্থ হন এবং স্থানীয় লোকজন তাকে খুঁজার চেষ্টা করে । পরবর্তীতে ফায়ার সার্ভিসের টিম এসে তার মরদেহ উদ্ধার করে।"

logo-2-1757314069.png)
