সীমান্ত হত্যা ও মুসলিম নির্যাতনের প্রতিবাদে সৈয়দপুরে মানববন্ধন ও বিক্ষোভ
নীলফামারী প্রতিনিধি
প্রকাশ: ১৫ মে ২০২৬, ১৮:০৩
ভারতীয় সীমান্তে বাংলাদেশি নাগরিক হত্যার ঘটনা এবং ভারতের বিভিন্ন অঞ্চলে মুসলিমদের ওপর নির্যাতনের অভিযোগের প্রতিবাদে নীলফামারীর সৈয়দপুরে মানববন্ধন ও বিক্ষোভ কর্মসূচি পালিত হয়েছে।
শুক্রবার (১৫ মে) জুমার নামাজের পর শহরের জিআরপি চত্বরে এ কর্মসূচির আয়োজন করে “সৈয়দপুরের সর্বস্তরের মুসলিম সুন্নী জনতা। এতে সহযোগিতা করে ওলামায়ে আহলে সুন্নাত ওয়াল জামায়াত, সৈয়দপুর। কর্মসূচিতে স্থানীয় আলেম-ওলামা, ধর্মপ্রাণ মুসল্লি ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
মানববন্ধন শেষে একটি বিক্ষোভ মিছিল জিআরপি মোড় থেকে বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। পরে সেখানে সংক্ষিপ্ত সমাবেশ অনুষ্ঠিত হয়। অংশগ্রহণকারীরা বিভিন্ন প্রতিবাদী স্লোগান সম্বলিত ব্যানার ও ফেস্টুন বহন করেন।
সমাবেশে বক্তারা বলেন, সীমান্তে বাংলাদেশি হত্যার ঘটনা উদ্বেগজনকভাবে বেড়ে চলেছে। এসব ঘটনার বিরুদ্ধে কার্যকর কূটনৈতিক উদ্যোগ ও আন্তর্জাতিক পর্যায়ে জোরালো প্রতিবাদ প্রয়োজন। একইসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গ, আসামসহ বিভিন্ন এলাকায় মুসলিম সম্প্রদায়ের ওপর হামলা, ধর্মীয় নিপীড়ন এবং মসজিদ-মাদ্রাসায় ভাঙচুরের অভিযোগ তুলে তারা উদ্বেগ প্রকাশ করেন।
বক্তারা দাবি করেন, ধর্মীয় বিদ্বেষ ও সাম্প্রদায়িক সহিংসতা বন্ধে সংশ্লিষ্ট দেশগুলোর সরকারকে কঠোর অবস্থান নিতে হবে। পাশাপাশি মুসলিমদের জানমাল ও ধর্মীয় প্রতিষ্ঠানের নিরাপত্তা নিশ্চিত করতে আন্তর্জাতিক মানবাধিকার সংস্থাগুলোর হস্তক্ষেপ কামনা করেন তারা।
সমাবেশ থেকে বিশ্বব্যাপী মুসলিম নির্যাতনের বিরুদ্ধে শান্তিপূর্ণ ও ঐক্যবদ্ধ প্রতিবাদ গড়ে তোলার আহ্বান জানানো হয়।

logo-2-1757314069.png)
