Logo
×

জেলার খবর

চাটমোহরে মাঠে কাজ করতে গিয়ে আলাদা বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১৩ মে ২০২৬, ২২:১২

চাটমোহরে মাঠে কাজ করতে গিয়ে আলাদা বজ্রাঘাতে ২ কৃষকের মৃত্যু


পাবনার চাটমোহর উপজেলায় মাঠে কাজ করতে গিয়ে ঝড় বৃষ্টির মধ্যে আলাদা বজ্রাঘাতের ঘটনায় দুই কৃষকের মৃত্যু হয়েছে।


বুধবার (১৩ মে) উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ডিকশির বিল ও মুলগ্রাম ইউনিয়নের মহেশপুর মাঠে পৃথক এ ঘটনা ঘটে।


নিহতরা হলেন, উপজেলার পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বনগ্রাম পশ্চিম চকপাড়া গ্রামের মৃত আব্দুল ফারাজীর ছেলে  তোরাপ ফারাজী (৫৫) ও মূলগ্রাম ইউনিয়নের শাহাপুর গ্রামের মৃত আক্কেল প্রামানিকের ছেলে রব্বান আলী (৬০)।


পার্শ্বডাঙ্গা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান রবিউল করিম তারেক জানান, কৃষক তোরাপ ফারাজী ডিকশির বিলে কৃষিকাজ করছিলেন। বিকেল চারটার দিকে হঠাৎ শুরু হওয়া ঝড়-বৃষ্টির মধ্যে বজ্রপাত হলে ঘটনাস্থলেই তিনি বজ্রাঘাতে মারা যান।


অন্যদিকে চাটমোহর উপজেলা সমাজসেবা কর্মকর্তা ও মুলগ্রাম ইউনিয়ন পরিষদের প্রশাসক সোহেল রানা জানান, কৃষক রব্বান আলী এদিন সকাল ১১টার দিকে মহেশপুর গ্রামের বিলে পাটের জমিতে আগাছা পরিস্কার করতে যান। এরপর দুপুরে আকস্মিক কালবৈশাখী ঝড়সহ বজ্রপাত শুরু হয়। এ সময় তিনি বাড়ির উদ্দেশ্যে রওনা দিলে পথিমধ্যে বজ্রাঘাতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।