Logo
×

জেলার খবর

টিসিবির পণ্য বিক্রি শুরু, স্বস্তি ফিরছে নিম্ন আয়ের মানুষের মাঝে

Icon

নীলফামারী প্রতিনিধি

প্রকাশ: ১২ মে ২০২৬, ১২:৩৮

টিসিবির পণ্য বিক্রি শুরু, স্বস্তি ফিরছে নিম্ন আয়ের মানুষের মাঝে

নীলফামারীতে নিম্ন ও মধ্যআয়ের মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশ (টিসিবি)-এর পণ্য বিক্রয় কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (১১ মে) সকালে জেলা শহরের ডিসির মোড়ে আনুষ্ঠানিকভাবে এ কার্যক্রমের উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। এ সময় অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) জ্যোতি বিকাশ চন্দ্র, টিসিবির ডিলার সবুজ ও অপুসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


সরকার নির্ধারিত ৪৮০ টাকার বিশেষ প্যাকেজের আওতায় উপকারভোগীদের মাঝে ১ কেজি চিনি, ২ কেজি মসুর ডাল এবং ২ লিটার সয়াবিন তেল বিতরণ করা হচ্ছে। পরে জেলা প্রশাসক বিতরণ কার্যক্রম পরিদর্শন করেন এবং কয়েকজন উপকারভোগীর হাতে সরাসরি টিসিবির প্যাকেজ তুলে দেন।


অনুষ্ঠানে জেলা প্রশাসক বলেন, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির এই সময়ে সাধারণ মানুষের দুর্ভোগ কমাতে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে। বিশেষ করে সীমিত আয়ের মানুষের ক্রয়ক্ষমতা ধরে রাখতে টিসিবির কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।


তিনি আরও বলেন, প্রকৃত উপকারভোগীদের কাছে যাতে স্বচ্ছ ও সুশৃঙ্খলভাবে পণ্য পৌঁছে যায়, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে নিয়মিত তদারকি করা হচ্ছে। ভবিষ্যতেও এ ধরনের জনবান্ধব কার্যক্রম অব্যাহত থাকবে বলেও জানান তিনি।


এদিকে টিসিবির পণ্য পেয়ে স্বস্তি প্রকাশ করেছেন স্থানীয় উপকারভোগীরা। তারা জানান, খোলা বাজারে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়তে থাকায় সংসার চালাতে হিমশিম খেতে হচ্ছে। তুলনামূলক কম দামে প্রয়োজনীয় পণ্য পাওয়ায় কিছুটা হলেও চাপ কমেছে।


সংশ্লিষ্টদের মতে, বাজার পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখা এবং সাধারণ মানুষের জীবনযাত্রার ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে টিসিবির এ কার্যক্রম ইতিবাচক ভূমিকা রাখছে।