Logo
×

জেলার খবর

হাসপাতালে দালাল, অবৈধ বালু উত্তোলন মাটি কাটা, হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবি

Icon

পাবনা প্রতিনিধি

প্রকাশ: ১০ মে ২০২৬, ২১:৪১

হাসপাতালে দালাল, অবৈধ বালু উত্তোলন মাটি কাটা, হাটে অতিরিক্ত খাজনা আদায় বন্ধের দাবি

পাবনায় মাটি কাটা, জেনারেল হাসপাতালে দালালদের উৎপাত, নদী থেকে অবৈধ বালু উত্তোলন, হাট-বাজারে অতিরিক্ত খাজনা আদায় বন্ধ এবং শহরের যানজট নিরসনে কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবি উঠেছে।


রোববার (১০ মে) সকাল সাড়ে ১০টা থেকে দুপুর দেড়টা পর্যন্ত প্রায় তিন ঘণ্টাব্যাপী পাবনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জেলা আইনশৃঙ্খলা কমিটির সভায় এ দাবি জানান বক্তারা।


জেলা প্রশাসক আমিনুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপদেষ্টা হিসেবে বিভিন্ন অনিয়ম ও সমস্যা তুলে ধরে বক্তব্য দেন পাবনা ৫ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য একেএম সেলিম রেজা হাবিব, পাবনা জেলা জামায়াতের আমির ও পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মন্ডল।


সভায় রাস্তার ওপর হাট বসানো, যত্রতত্র গাড়ি পার্কিং, অবৈধ বালু উত্তোলন, ভেজাল খাদ্যদ্রব্য, মাদক ও চোরাচালান, অবৈধ ইটভাটা স্থাপন, অস্ত্রের ভয় দেখিয়ে চাঁদাবাজি, গরুর হাটে অতিরিক্ত ইজারা আদায়, মাদক বিক্রেতাদের গ্রেপ্তারের পর দ্রুত জামিন পাওয়া, ফুটপাত দখলমুক্ত করা এবং রাস্তাঘাটের যানজট নিরসনসহ বিভিন্ন বিষয় গুরুত্বের সঙ্গে আলোচনা করা হয়। 


এ ছাড়া সভায় আরও উল্লেখ করা হয়, নদীতে অবৈধ বালু উত্তোলন ও বিভিন্ন স্থানে মাটি কাটার খবর পেয়ে আইনশৃঙ্খলা বাহিনী ঘটনাস্থলে পৌঁছানোর আগেই অপরাধীরা সেখান থেকে সরে যায়। ফলে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা কঠিন হয়ে পড়ে। এ সব কঠোর হস্তে দমনের সিদ্ধান্ত নেওয়া হয়।    


সভায় আরও বক্তব্য দেন, অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) মশিউর রহমান মন্ডল, এনএসআইয়ের যুগ্ম পরিচালক তৌফিক ইকবাল, পাবনা প্রেসক্লাবের সভাপতি আখতারুজ্জামান আখতার, সাধারণ সম্পাদক জহুরুল ইসলাম, ইউনিভার্সাল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক কবি ড. সোহানী হোসেন, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক শহিদুল মান্নাফ কবীর, ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মাহমুদ হাসান রনি, পাবনা জজ কোর্টের পাবলিক প্রসিকিউটর পিপি অ্যাডভোকেট গোলাম সরোয়ার খান জুয়েল, বিআরটিএ এর সহকারী পরিচালক আলতাফ হোসেন, কাজিরহাট-আরিচা স্পিডবোট মালিক সমিতির সভাপতি রইচ উদ্দিন আহমেদ।


সভায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. মনিরুজ্জামান, পাবনার সিভিল সার্জন আবুল কালাম আজাদ, পাবনা প্রেসক্লাবের সাবেক সভাপতি এবিএম ফজলুর রহমান, জেলা শিক্ষা কর্মকর্তা আব্দুর রাজ্জাকসহ সরকারি বিভিন্ন দপ্তরের প্রধান এবং বিভিন্ন সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদকরা।